শ্রীভূমি জেলাজুড়ে জাতীয় কুষ্ঠ দিবস পালন

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : মহাত্মা গান্ধিজির মৃত্যুবার্ষিকী উপলক্ষে  ৩০ জানুয়ারি, শুক্রবার শ্রীভূমি জেলাজুড়ে জাতীয় কুষ্ঠ দিবস পালন করা হয়েছে। জেলা পর্যায়ের কর্মসূচির উদ্বোধন করেন যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ মতিন্দ্র সূত্রধর। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএইচএম-এর জেলা কর্মসূচি ব্যবস্থাপক হানিফ মহম্মদ, এনএইচএম-এর জেলা মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী এবং জেলা এপিডেমিওলজিস্ট সুমিত রায়। জাতীয় কুষ্ঠ দিবস উপলক্ষে জেলা সদরে একটি র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, ফ্রন্টলাইন কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এবং কুষ্ঠ রোগের প্রাথমিক লক্ষণ, সময়মতো চিকিৎসার গুরুত্ব ও সামাজিক বৈষম্য দূর করার বার্তা তুলে ধরেন। এ বছরের মূল প্রতিপাদ্য ছিল — “বৈষম্যের অবসান, মর্যাদার নিশ্চয়তা”।এ উপলক্ষে জেলাজুড়ে আশাকর্মীদের উদ্যোগে ৪০টি গ্রামে গ্রামসভা অনুষ্ঠিত হয়। গ্রামসভাগুলিতে কুষ্ঠ রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি, রোগের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং কুসংস্কার ও ভ্রান্ত ধারণা দূর করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানানো হয় যে জেলায় স্পর্শ কুষ্ঠ সচেতনতা অভিযান (এসএলএসি) সক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হল সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে কুষ্ঠ রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রোগের দ্রুত শনাক্তকরণ, সময়োপযোগী চিকিৎসা ও সম্পূর্ণ নিরাময় নিশ্চিত করা। পাশাপাশি সমাজে কুষ্ঠ রোগকে ঘিরে থাকা কলঙ্ক ও বৈষম্য দূর করা এবং উপভোক্তাদের জন্য সকল পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করাও এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। এতে জেলা স্বাস্থ্য বিভাগ কুষ্ঠমুক্ত সমাজ গড়ে তোলা এবং সকল মানুষের জন্য মর্যাদা, সমতা ও মানসম্মত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *