বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত আছিমগঞ্জ এলাকার ২৪ নং এবং ২৬ নং ভোট কেন্দ্রের ত্রিশ জন প্রকৃত ভোটার যাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে ভোটার তালিকা থেকে নাম কাটার জন্য মিথ্যা আপত্তি দাখিল করে হিয়ারিং এর নোটিশ দেওয়া হয়েছে, তাঁরা করিমগঞ্জের বরিষ্ট আইনজীবী সুব্রতকুমার পালের মাধ্যমে শ্রীভূমির জেলা কমিশনার, পাথারকান্দির সমজেলা কমিশনার, শ্রীভূমির নির্বাচন আধিকারিক, সংশ্লিষ্ট দুই বিএলও এবং মোট আটজন অভিযোগকারীদের আইনি নোটিশ পাঠিয়েছেন। সময়ের সল্পতার জন্য লিগ্যাল নোটিশ গুলো আপাতত ই-মেইল এবং হোয়াটস্অ্যাপের মাধ্যমে পাঠানো হয়েছে। পরবর্তীতে স্পিড পোস্টে পাঠানো হবে। অভিযোগ বা আপত্তি দাখিলকারীদের সম্পূর্ণ নাম ঠিকানা এবং পরিচয় যেহেতু জানানো হয়নি, তাই সেই নোটিশগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব BLO এবং নির্বাচন আধিকারিকের উপর দেওয়া হয়েছে।
আইনি নোটিশ এর মাধ্যমে অভিযোগ করা হয়েছে যে প্রত্যেক ভোটারদের যাচাই করে স্টেটমেন্ট ১ এ দস্তখত নিয়েছেন বিএলও, সেই ভিত্তিতে বা প্রয়োজনে অতিরিক্ত যাচাই না করে মিথ্যা অভিযোগ গ্রহণ করে দূর দূরান্তের অভিযোগকারীদের পরিচয় গোপন করে প্রকৃত ভোটারদের নাম বাতিলের জন্য আইন ও নিয়মবহির্ভুত ষড়যন্ত্র রচনা করেছেন সকলে মিলে। এতে দাবি করা হয়েছে, মিথ্যা অভিযোগগুলোর নোটিশ পেয়ে স্থায়ী বাসিন্দা তথা প্রকৃত ভোটাররা আতঙ্কে এবং অনিশ্চয়তায় ভুগছেন এবং আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন। আপত্তিগুলো অবিলম্বে তুলে না নিলে বা বাতিল না করা হলে বেআইনি এবং ভুয়া আপত্তি দাখিল এবং গ্রহণ থেকে উদ্ভূত সকল অন্যায়ের এবং সকল ক্ষতির জন্য সকল অভিযোগকারী এবং কতৃপক্ষ নোটিশ গ্রহিতারা দায়বদ্ধ থাকবেন। বলা হয়েছে, বেআইনি ও নিয়মবহির্ভুত ভাবে মিথ্যা অভিযোগ দাখিল ও গ্রহণক্রমে নোটিশ ইস্যু করার জন্য দোষীদের শান্তি প্রদানের জন্য ফৌজদারি ও মানহানি সহ হয়রানি ও আর্থিক ক্ষতিপূরনের জন্য দেওয়ানি মামলা করা হবে। ছবি প্রতীকী।



