
বরাক তরঙ্গ, ২৬ জানুয়ারি : বদরপুর টেনিস গ্রাউন্ড পরিসরে মাই ছোটা স্কুলের আয়োজনে অনুষ্ঠিত কার্নিভেল অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সঙ্গীত, নৃত্য, যোগা, আবৃত্তি, খেলাধুলা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনুষ্ঠান জমে উঠেছে রবিবার। ফাইন আর্টস অ্যাকাডেমি বদরপুর, শিল্পাঙ্গন শিলচর এবং কোরাস ইন্ডিয়া কোম্পানি লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে ৭৫ জন ছাত্রছাত্রী অংশ নিয়েছে। শিল্পাঙ্গন শিলচরের প্রশিক্ষক সন্দীপন দত্ত পুরকায়স্থ, প্রসেনজিৎ দে এবং কোরাস ইন্ডিয়ার ম্যানেজার বিট্টু দাসের তত্ত্বাবধানে অনুষ্ঠিত আর্ট ফেস্ট ২০২৬ অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় দর্শকরা মুগ্ধ। এছাড়া ‘ক’, ‘খ’ ও ‘গ’ তিনটি বিভাগে হ্যান্ড রাইটিং প্রতিযোগিতাও সফলভাবে সম্পন্ন হয়েছে, যাতে ৭৩ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
বিচারক হিসেবে কাজ করেন রেলওয়ে হায়ার সেকেন্ডারি বিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় মজুমদার। দ্বিতীয় পর্যায়ে অভিভাবকদের নিয়ে নানা ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যার মধ্যে অভিভাবক ও ছাত্রছাত্রীদের সহযোগিতায় ‘কাইট মেকিং’ প্রতিযোগিতা সবচেয়ে আকর্ষণীয় ছিল। এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা, শিল্প ও খেলার সমন্বয় ঘটেছে।অনুষ্ঠানে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, দিলীপ দাস, রঘুনাথ ভূঁইয়া এবং মাই ছোটা স্কুলের কর্ণধার চন্দ্র শেখর রায় সহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। সকাল ১০টায় শুভারম্ভ হওয়া অনুষ্ঠান রাত সাতটায় সমাপ্তি লাভ করে। অনুষ্ঠান পরিচালনা করেন প্রাঞ্জল কর্মকার ও অনুষ্কা বিশ্বাস। এই কার্নিভেলের মাধ্যমে স্থানীয় শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে নতুন গতি সঞ্চারিত হয়েছে বলে সকলে মত প্রকাশ করেছেন।



