দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ মার্চ: শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আইসিইউতে ভর্তি রোগীদের পরিজনদের দীর্ঘ সময় করিডরে অপেক্ষা ও রাত কাটানোর সমস্যার কথা বিবেচনা করে নতুন বিশ্রামাগার নির্মাণের উদ্যোগ নিয়েছেন শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সাংসদ উন্নয়ন তহবিল থেকে এই বিশ্রামাগার নির্মাণ করা হবে।
এই প্রকল্পের আওতায় আইসিইউ ও সেন্ট্রাল আইসিইউতে চিকিৎসাধীন রোগীদের পরিবারের সদস্যদের জন্য পৃথক রেস্ট রুম তৈরি করা হবে। ভবনে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা শৌচাগারসহ প্রয়োজনীয় সব সুবিধা রাখা হবে, যাতে দূর-দূরান্ত থেকে আসা পরিজনরা কিছুটা স্বস্তিতে বিশ্রাম নিতে পারেন।
বুধবার সাংসদের নির্দেশে শিলচর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত, সুপারিন্টেন্ডেন্ট ডাঃ বিকাশ সান্দিল্য এমপিএলএডিএস তদারকি কর্তৃপক্ষসহ চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রস্তাবিত স্থানে গিয়ে প্রকল্পটি পরিদর্শন ও পর্যালোচনা করেন।

উল্লেখ্য, কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকারের আমলে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শিলচর মেডিক্যাল কলেজের সার্বিক উন্নয়নের কাজও চলমান রয়েছে এবং সুপার স্পেশালিটি হাসপাতালের নির্মাণকাজ দ্রুত অগ্রসর হচ্ছে। নতুন এই বিশ্রামাগার নির্মিত হলে রোগী-পরিজনদের জন্য তা বড় সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।



