বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : নির্বাচন আয়োগের নির্দেশনা অনুসারে ১ জানুয়ারি ২০২৬-কে ভিত্তি করে মরিগাঁও জেলার ৫২ নং জাগীরোড , ৫৩নং লাহরিঘাট এবং ৫৪ নং মরিগাঁও বিধানসভা কেন্দ্রের ২০২৬ সালের চূড়ান্ত ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। মঙ্গলবার মরিগাঁও জেলার জেলা কমিশনার কার্যালয়ের সভাকক্ষে জেলা কমিশনার অনামিকা তেওয়ারী, পুলিশ সুপার প্রকাশ সোনোয়াল, অতিরিক্ত জেলা কমিশনার অনুসূয়া শর্মা , রাকেশ ডেকা এবং নির্বাচনী আধিকারিক ইন্দ্রজিৎ দাসের উপস্থিতিতে এই তালিকাটি উন্মোচন করা হয়।
সরকারি তথ্য অনুসারে জেলায় মোট ভোটারের সংখ্যা ৭,৬৬,৯১৫ জন, যার মধ্যে রয়েছেন ৩,৮৭,০৪৭ জন পুরুষ, ৩,৭৯,৮৫৪ জন মহিলা এবং ১৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার। বিধানসভা কেন্দ্রভিত্তিক বিভাজন অনুসারে জাগীরোড কেন্দ্রে ২,৫১,৭৫৫ জন, লাহরিঘাট কেন্দ্রে ৩,০৯,১৪১ জন এবং মরিগাঁও কেন্দ্রে ২,০৬,০১৯ জন ভোটার তালিকাভুক্ত হয়েছেন। জেলার সামগ্রিক ভোটার তালিকায় ৫,২২৪ জন নতুন ভোটার বৃদ্ধি পেয়েছে। জনসাধারণ ভোটার তালিকার প্রতিলিপি www.nvsp.in ওয়েবসাইটে দেখার পাশাপাশি তাঁরা তাদের নিকটবর্তী ভোটার নিবন্ধন আধিকারিক কার্যালয়ে এবং বুথ স্তরের আধিকারিকদের কার্যালয়গুলিতেও দেখতে পারবেন বলে জানান। আজকের সভায় জেলা প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন।



