লোকসেবা আয়োগের পরীক্ষায় উত্তীর্ণদের মরিগাঁও জেলা প্রশাসনের সংবর্ধনা

Spread the news

বরাক তরঙ্গ, ২১ ফেব্রুয়ারি : মরিগাঁও জেলা প্রশাসনে শনিবার ২০২৪ বর্ষের অসম লোকসেবা আয়োগের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মরিগাঁও জেলার নাম উজ্জ্বল করা নবনিযুক্ত আধিকারিকদের সংবর্ধনা জানিয়েছে। এই উপলক্ষ্যে জেলা কমিশনার কার্যালয়ের সভাকক্ষে  আয়োজিত সভায় নবনিযুক্ত আধিকারিকদের জেলা প্রশাসনের পক্ষ থেকে গামোচা ও উপহার প্রদান করা হয়। জেলা কমিশনার অনামিকা তেওয়ারি তাদের দায়িত্ব সহকারে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, সমাজের জন্য কাজ করার এটি একটি চমৎকার সুযোগ। সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান। একজন অসামরিক সেবার আধিকারিক হিসেবে সর্বদা দলীয় মানসিকতা নিয়ে কাজ করতে হবে। তিনি নবনিযুক্ত আধিকারিকদের ছাত্র-ছাত্রীদের এই সেবার প্রতি আকর্ষিত করতে উৎসাহিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে পুলিশ সুপার প্রকাশ সোনোয়াল বলেন, এমন একটি পদে থেকে সমাজের জন্য সেবা প্রদানের সুযোগ পাওয়া সৌভাগ্যের বিষয়। কাজের পাশাপাশি নিজের স্বাস্থ্যের প্রতিও নজর দিতে আহ্বান জানান। এবং কাজকে সর্বদা অগ্রাধিকার দিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন। সভায় জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক অনন্তকুমার গগৈও আধিকারিকদের সামনে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। আজকের অনুষ্ঠানে জেলা উন্নয়ন আয়ুক্ত অর্পা বাগলারী, অতিরিক্ত জেলা কমিশনার অনুসূয়া শর্মা, রাকেশ ডেকা এবং নীতিশা বরা এবং জেলা প্রশাসনের আধিকারিকগণ এবং নবনিযুক্ত আধিকারিক তথা অসম অসামরিক সেবার আধিকারিক প্রশান্ত নাথ, অসম অর্থ সেবার আধিকারিক মুনিন্দ্র দেবনাথ, কর পরিদর্শক দয়াশ্রী মেধি এবং দেব প্রসাদ পাচনী, উপ-পঞ্জীয়ক অমর দাস এবং সহকারী গণনিক আধিকারিক নিতুমণি নাথ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *