অসমে বিজেপির সংগঠন নিয়ে উদ্বেগ, প্রধানমন্ত্রীকে চিঠি মোহন ভাগবতের

Spread the news

বরাক তরঙ্গ, ২২ মার্চ : অসমে বিজেপির বর্তমান সাংগঠনিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে চিঠি লিখেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। চিঠিতে তিনি অভিযোগ করেন, রাজ্যে বিজেপির মূল আদর্শ ও সংগঠনগত ভিত্তি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে এবং দলটি নীতি-বিরোধী প্রবণতার প্রভাবের মধ্যে চলে যাচ্ছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত কয়েক বছরে কংগ্রেস থেকে আগত বহু নেতাকে দলে অন্তর্ভুক্ত করে তাঁদের গুরুত্বপূর্ণ পদ, টিকিট এবং প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত মূল কর্মী ও সংঘপন্থী সদস্যদের মধ্যে অসন্তোষ বাড়ছে এবং তাঁদের আত্মসম্মানে আঘাত লাগছে।

মোহন ভাগবত আরও বলেন, যাঁরা এতদিন কংগ্রেসের নীতির বিরোধিতা করেছেন, এখন তাঁদেরই অধীনে কাজ করতে বাধ্য হচ্ছেন বিজেপির পুরনো কর্মীরা। এমনকি যেসব নেতাকে অতীতে বিজেপি পরাজিত করেছিল, তাঁদেরকেই এখন দলে গুরুত্ব দিয়ে নির্বাচনে প্রার্থী করা হচ্ছে। রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরও প্রাক্তন কংগ্রেস নেতাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে চিঠিতে অভিযোগ তোলা হয়েছে।

এই পরিস্থিতিকে তিনি “বিজেপির মূল দর্শন ও সংঘের ত্যাগের অপমান” বলে উল্লেখ করেন। চিঠিতে সতর্ক করে বলা হয়েছে, দ্রুত সংশোধনমূলক পদক্ষেপ না নিলে অসমে দলের ভিত্তি ভেঙে পড়তে পারে।

এই প্রেক্ষিতে চার দফা দাবি তুলে ধরা হয়েছে—অসমে এমন একজন মুখ্যমন্ত্রী নির্বাচন করা, যিনি বিজেপি বা সংঘের মূল পটভূমি থেকে উঠে এসেছেন; কংগ্রেস থেকে আগত নেতাদের অগ্রাধিকার দেওয়া বন্ধ করা; টিকিট বণ্টনে পুরনো ও নিবেদিত কর্মীদের প্রাধান্য দেওয়া; এবং বর্তমান নেতৃত্ব ও তাঁদের ঘিরে থাকা গোষ্ঠীদ্বন্দ্বের ভূমিকা পর্যালোচনা করা।

চিঠিতে আরও বলা হয়েছে, এই ধরনের বৈচারিক আপস চলতে থাকলে সংঘের কর্মীদের পক্ষে ভবিষ্যতে দলের হয়ে কাজ করা কঠিন হয়ে উঠবে। পাশাপাশি, অসমের নিবেদিত কর্মীদের দলীয় আদর্শ ও সংগঠন রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এই চিঠিকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *