১৪ ফেব্রুয়ারি ফের আসছেন মোদি, করবেন একাধিক প্রকল্পের উদ্বোধন

বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : উপহারসম্ভার নিয়ে ফের অসম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৪ ফেব্রুয়ারি তাঁর রাজ্য সফরের বিস্তারিত সূচি সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানান, ১৪ ফেব্রুয়ারি সকাল ৯টা ৫০ মিনিটে চাবুয়ায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় চাবুয়া থেকে মরাণের উদ্দেশে রওনা হবেন তিনি। মরাণের ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি (ELF)-তে একটি বিশেষ এয়ার শো উপভোগ করবেন প্রধানমন্ত্রী। সেখানে মোট ১৬টি বিমান অবতরণ করবে বলে জানা গেছে।

এরপর মরাণ থেকে গুয়াহাটির উদ্দেশে যাত্রা করবেন মোদি। দুপুর ১টায় গুয়াহাটি-উত্তর গুয়াহাটি সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর কিছু সময় সেতুটি পরিদর্শনও করবেন তিনি। লাচিত ঘাট থেকে আইআইএম-এর অস্থায়ী ক্যাম্পাসেরও উদ্বোধন করা হবে। পাশাপাশি গুয়াহাটিতে ন্যাশনাল ডাটা সেন্টারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও ১০০টি বৈদ্যুতিক বাসের আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি। সফরের শেষ পর্যায়ে খানাপাড়ায় বিজেপির বুথ সম্মেলনে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত মরাণের জাতীয় সড়কের ৪.২ কিলোমিটার অংশে ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটির ব্যবস্থা রাখা হয়েছে। যুদ্ধকালীন বা জরুরি পরিস্থিতিতে এই সড়কপথে বায়ুসেনার বিমান অবতরণ করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *