বরাক তরঙ্গ, ১৭ মার্চ : রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে জোরদার হচ্ছে দলবদলের প্রবণতা। কংগ্রেস ও ইউডিএফ—দুই শিবিরেই ইতিমধ্যে একাধিক নেতা-কর্মীর দলত্যাগের ঘটনা সামনে এসেছে। এরই ধারাবাহিকতায় এবার এআইইউডিএফের বিধায়ক আমিনুল ইসলাম দলত্যাগ করেছেন, যা রাজনৈতিক মহলে নতুন করে জল্পনার সৃষ্টি করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই তাঁর সঙ্গে দলের মতবিরোধ চলছিল। বিশেষ করে দলবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পূর্বেই দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে তাঁকে ছয় বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল। সেই ঘটনার পর থেকেই তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের প্রাক্কালে এ ধরনের দলত্যাগ শাসক ও বিরোধী উভয় শিবিরের জন্যই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আমিনুল ইসলামের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কী হবে, সে দিকেই এখন নজর রাজ্য রাজনীতির মহলের।




