কংগ্রেস প্রার্থী সুনীল ছেত্রীর ওপর দুর্বৃত্তদের হামলা

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ মার্চ : ন-দুয়ার বিধানসভা কেন্দ্রে ফের প্রাক-নির্বাচনী হিংসার অভিযোগ উঠেছে। সোমবার কেন্দ্রে অন্তর্গত ন-দুয়ার এলাকায় কংগ্রেস প্রার্থী সুনীল ছেত্রীর ওপর দুর্বৃত্তদের হামলার চেষ্টা হয়েছে বলে গুরুতর অভিযোগ করেছেন কংগ্রেস কর্মীরা।

ঘটনার বিবরণ অনুযায়ী, কংগ্রেস প্রার্থী সুনীল চেত্রী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন। সেই সময়ই দুর্বৃত্তরা তাঁর ওপর হামলার চেষ্টা চালায় বলে অভিযোগ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে ক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। রাস্তায় নেমে ‘বিজেপি গো ব্যাক’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে প্রতিবাদ।

এই ঘটনায় মোট আটজন আহত হয়েছেন। আহতদের তেজপুর কনকলতা অসামরিক চিকিৎসালয়ে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কংগ্রেস শিবির এই ঘটনাকে গণতান্ত্রিক অধিকারের ওপর আঘাত বলে আখ্যা দিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। অন্যদিকে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ন-দুয়ার কেন্দ্রে রাজনৈতিক সংঘাত বাড়ার আশঙ্কা করা হচ্ছে। কারণ, গত ২৮ মার্চ শোণিতপুর জেলার টুপিয়া এলাকায়ও একটি হিংসাত্মক ঘটনা ঘটেছিল। অভিযোগ অনুযায়ী, প্রাক্তন বিধায়ক প্রাণেশ্বর বসুমতারি ধারালো অস্ত্র নিয়ে বিজেপির এক কর্মীর ওপর হামলার চেষ্টা করেছিলেন। প্রাক-নির্বাচনী হিংসা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *