বরাক তরঙ্গ, ১৮ মার্চ : নির্বাচনের দিন ঘোষণার পরই রাজ্যের রাজনীতিতে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। একের পর এক নেতা দল পরিবর্তন করছেন। কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই একাধিক নেতা ও টিকিট প্রত্যাশী দলত্যাগ করেছেন। মঙ্গলবার দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কংগ্রেস ত্যাগ করেন নগাঁওয়ের সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী প্রদ্যুৎ বরদলৈ।
প্রদ্যুৎ বরদলৈয়ের দলত্যাগের পর বিস্ফোরক প্রতিক্রিয়া দেন দিসপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মীরা বরঠাকুর। তিনি কংগ্রেস নেতৃত্বের উদ্দেশ্যে বিশেষ আবেদন জানিয়ে বলেন, “যেসব নেতার দল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, তাদের ছবি সম্বলিত ব্যানার আমাকে দেবেন না। প্রয়োজনে এমন নেতাদের ছবি ব্যবহার না করাই ভালো। কংগ্রেসের চার্জশিট তৈরি করা ব্যক্তিই আজ বিজেপিতে চলে গেছেন।”
মীরা বরঠাকুর আরও বলেন, “মুখ্যমন্ত্রীকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বলে উল্লেখ করেছিলেন প্রদ্যুৎ বরদলৈ। দেড় বছর আগে গৌরব গগৈকে বলেছিলাম, এই ধরনের নেতাদের দল থেকে মুক্তি দেওয়া উচিত।” তিনি আরও দাবি করেন, প্রদ্যুৎ বরদলৈ দিসপুরে কোনও চ্যালেঞ্জ নন।
কড়া ভাষায় তিনি বলেন, “একজনের হাত ধরে অন্যজনের সঙ্গে পালিয়ে যাওয়ার মতোই প্রদ্যুৎ বরদলৈয়ের দলত্যাগ। মার্ঘেরিটা ও নগাঁওবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি। দিসপুরের মানুষ কখনও তাঁকে গ্রহণ করবে না।”
উল্লেখ্য, শুধু প্রদ্যুৎ বরদলৈই নন, মঙ্গলবার কংগ্রেসের একাধিক শীর্ষ ও প্রবীণ নেতাও দলত্যাগ করেছেন। অসম প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ইজাজ হোসেইন লস্কর দল ছাড়েন। একইভাবে নলবাড়ি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আশিস কুমার আহমেদও ব্যক্তিগত কারণ দেখিয়ে দলত্যাগ করেছেন। প্রায় ৩০ বছর ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন আশিস কুমার আহমেদ।




