মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৪ মার্চ : আসন্ন নির্বাচনের প্রাক্কালে শ্রীভূমি জেলার পাথারকান্দিতে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হল। উন্নয়ন ও সুশাসনের দাবিকে সামনে রেখে সংখ্যালঘু সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ মঙ্গলবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে আয়োজিত এই যোগদান সভা একপ্রকার উৎসবের আবহ তৈরি করে।
পাথারকান্দি মণ্ডল বিজেপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সকাল থেকেই কর্মী-সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। দলীয় পতাকা, স্লোগান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। বাজারঘাট, বেতুবাড়ি ও নারাইনপুর এলাকার পাঁচ শতাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ একযোগে দলে যোগ দেওয়ায় কর্মসূচির গুরুত্ব আরও বেড়ে যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তাঁর সঙ্গে ছিলেন মণ্ডল সভাপতি শশীবাবু সিংহ সহ অন্যান্য নেতৃত্ব। নবাগতদের উত্তরীয় ও দলীয় টুপি পরিয়ে বরণ করে নেন নেতৃবৃন্দ। করতালির ঢেউ ও “বিজেপি জিন্দাবাদ” স্লোগানে মুখর হয়ে ওঠে সভাস্থল।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, উন্নয়নই বর্তমান রাজনীতির মূল ইস্যু। সংখ্যালঘু সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষের এই যোগদান প্রমাণ করে যে, তারা উন্নয়ন ও সুশাসনের ওপর আস্থা রাখছেন। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ, পানীয় জল ও কর্মসংস্থানে সরকারের অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি।
নবাগতদের উদ্দেশ্যে তিনি বলেন, এটি শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং উন্নয়নমুখী মানসিকতার প্রতিফলন। অন্যদিকে, মণ্ডল সভাপতি শশীবাবু সিংহ দলীয় আদর্শ তুলে ধরে নতুন সদস্যদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।



