লোয়াইরপোয়া ব্লক প্রাঙ্গণে সহায়ক উপকরণ বিতরণ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : সমাজের মূলস্রোতে দিব্যাংজনদের সম্পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাঁদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে লোয়াইরপোয়া উন্নয়ন ব্লকে এক প্রশংসনীয় মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার লোয়াইরপোয়া ব্লক প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে দিব্যাংজনদের মধ্যে বিভিন্ন প্রয়োজনীয় সহায়ক উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে সহায়ক উপকরণ তুলে দেন রাজ্যের মীন, পশুপালন, ভেটেরিনারি ও পূর্ত বিভাগের মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল।এই উদ্যোগের মাধ্যমে দিব্যাংজনদের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও আত্মনির্ভর করে তোলার প্রয়াস নেওয়া হয়েছে। হুইলচেয়ার, ওয়াকিং স্টিকসহ বিভিন্ন সহায়ক উপকরণ তাঁদের চলাফেরা, আত্মবিশ্বাস এবং সামাজিক জীবনে সক্রিয় অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন লোয়াইরপোয়া উন্নয়ন ব্লকের ব্লক অফিসার যুগান্ত কালওয়ার, লোয়াইরপোয়া আইসিডিএস প্রকল্পের আধিকারিকবৃন্দ, সমাজকল্যাণ দপ্তরের প্রতিনিধিরা এবং ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিক ও কর্মচারীরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, দিব্যাংজনরা সমাজের বোঝা নন, তাঁরা সমাজের শক্তি। সরকার তাঁদের সার্বিক উন্নয়নের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ করেছে। প্রশাসনের দায়িত্ব হল সেই প্রকল্পগুলির সুফল প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া।

বক্তব্য রাখতে গিয়ে ব্লক অফিসার যুগান্ত কালওয়ার বলেন, দিব্যাংজনদের উন্নয়ন মানেই সমাজের সার্বিক উন্নয়ন। সঠিক পরিকল্পনা, সময়োপযোগী সহায়তা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে তাঁদের স্বাবলম্বী করে তুলতে প্রশাসন সর্বদা সচেষ্ট। তিনি আরও বলেন, দিব্যাংজনদের আত্মসম্মান ও সামাজিক মর্যাদা রক্ষা করাই এই ধরনের উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কর্মসূচি ধারাবাহিকভাবে চালু থাকবে বলে তিনি আশ্বাস দেন।অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য আধিকারিকরাও দিব্যাংজনদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সরকারি প্রকল্পের সুফল আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার ওপর জোর দেন। স্থানীয়দের মতে, প্রশাসনের এই মানবিক উদ্যোগ দিব্যাংজনদের জীবনে নতুন আশা ও ভরসার আলো জ্বালিয়েছে। এই ধরনের কর্মসূচির মাধ্যমে শুধু সহায়ক উপকরণ বিতরণই নয়, বরং সমাজে সমঅধিকার, সমমর্যাদা ও অন্তর্ভুক্তিমূলক মানসিকতা গড়ে তোলার একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিচ্ছে প্রশাসন। সব মিলিয়ে লোয়াইরপোয়া উন্নয়ন ব্লকে আয়োজিত এই সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান দিব্যাংজনদের ক্ষমতায়নের পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠল বলে মনে করছেন সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *