শ্রীভূমি জেলার সরকরি স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মুখ্যমন্ত্রীর উপহার বণ্টন মন্ত্রী কৃষ্ণেন্দুর

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৬ জানুয়ারি : গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকতার ভূমিকা ও দায়বদ্ধতাকে আরও একবার মর্যাদার সঙ্গে স্বীকৃতি জানাল অসম সরকার। মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু হওয়া প্রথম দিনের আলাপ কর্মসূচির আওতায় সাংবাদিকদের জন্য পাঠানো উপহার ও পুরস্কার ব্যাগ বণ্টনের উদ্দেশ্যে আজ জেলা কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত হল এক বিশেষ সভা। এই সভায় জেলার রিকগনাইজড জার্নালিস্টের হাতে মুখ্যমন্ত্রীর সৌজন্যে পাঠানো উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে উপহার বণ্টন করেন রাজ্যের পশুপালন ও পশু চিকিৎসা, মীন ইত্যাদি বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মাননীয় কৃষ্ণেন্দু পাল। তিনি একে একে উপস্থিত সংবাদকর্মীদের হাতে এই উপহার তুলে দিয়ে সাংবাদিক সমাজের প্রতি রাজ্য সরকারের শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও আন্তরিকতার বার্তা পৌঁছে দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, সাংবাদিক ও সংবাদমাধ্যমই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক সমাজকে কেবল একটি পেশাগত গোষ্ঠী হিসেবে দেখেন না, বরং তিনি তাঁদের গণতন্ত্রের প্রাণশক্তি হিসেবে বিশ্বাস করেন। দিন-রাত নিরলসভাবে কাজ করে যাঁরা সত্যকে মানুষের কাছে পৌঁছে দেন, তাঁদের প্রতি মুখ্যমন্ত্রীর এই ‘প্রথম দিনের আলাপ’ কর্মসূচি এক আন্তরিক ভালোবাসা ও দায়িত্ববোধেরই প্রকাশ।তিনি আরও বলেন রাজ্য সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের এই সম্মান আসলে সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতিফলন। সাংবাদিকদের পাশে থাকা মুখ্যমন্ত্রীর এই মানবিক ও সংবেদনশীল উদ্যোগ ভবিষ্যতে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। 

অনুষ্ঠানে উপহার সামগ্রী বণ্টনের সময় উপস্থিত ছিলেন জেলা কমিশনার প্রদীপকুমার ত্রিপাঠি, পুলিশ সুপার নীলা দোলে, জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক (ডিআইপিআরও) ইফতিকার আলম, সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক ও কর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *