মুখ্যমন্ত্রীর নির্দেশে অনিপুরে ভেঙে পড়া সেতু পরিদর্শন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১২ ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে দিসপুর থেকে পৌঁছে সরাসরি শ্রীভূমি জেলার অনিপুরে গিয়ে ভেঙে পড়া সেতুর পরিস্থিতির খোঁজ নিলেন মৎস্য, পশুপালন ও ভেটেরিনারি এবং পূর্ত দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বৃহস্পতিবার সংশ্লিষ্ট আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে অনিপুর ঘটনাস্থল ঘুরে দেখেন মন্ত্রী। তিনি সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে জনস্বার্থে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

পরিদর্শনকালে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার কেবল ঘোষণায় নয়, বাস্তব কাজের মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সাধারণ মানুষের জীবন, নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই সরকার প্রতিটি সঙ্কট মোকাবিলা করছে। এ সময় পাথারকান্দি-রাতাবাড়ি (টি) ডিভিশনের নির্বাহী প্রকৌশলীর উপস্থিতিতে অসম সরকারের পিডব্লিউডি বিভাগের কমিশনারের সঙ্গে টেলিফোনে উচ্চপর্যায়ের আলোচনা হয়। ভেঙে পড়া সেতুর ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত অপসারণ, জরুরি ভিত্তিতে পুনর্গঠন ও মেরামত কাজ শুরু করে অল্প সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও, সেতুর পূর্ণ পুনর্গঠন না হওয়া পর্যন্ত এলাকায় সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিকল্প পথের ব্যবস্থা, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন, অস্থায়ী যোগাযোগ ব্যবস্থা এবং প্রশাসনিক নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বুধবার দুপুরে অনিপুরে সিংলা নদীর উপর থাকা বেইলি সেতুটি দু’টি ডাম্পার সহ একাধিক বাহন নিয়ে ভেঙে পড়ে। এতে তিনজন আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *