১৩ মার্চ : পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। ইরান ও আমেরিকার মধ্যকার চলমান সংঘাতের মাঝেই এবার ইরাকের আকাশে ভেঙে পড়ল মার্কিন বিমান বাহিনীর একটি KC-135 এরিয়াল ট্যাঙ্কার। বৃহস্পতিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। বিমানে ৫ জন ক্রু সদস্য ছিলেন বলে জানা গেছে।
মার্কিন সামরিক বাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, ‘অপারেশন এপিক ফিউরি’-র অংশ হিসেবে দুটি বিমান পশ্চিম ইরাকের বন্ধুত্বপূর্ণ আকাশসীমায় উড়ছিল। তার মধ্যে একটি বিমান নিরাপদ অবতরণ করলেও অন্যটি দুর্ঘটনার কবলে পড়ে। বর্তমানে নিখোঁজ ক্রু সদস্যদের উদ্ধারে বড়সড় তল্লাশি অভিযান শুরু হয়েছে।
ইরাকের ইরান-পন্থী সশস্ত্র গোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ এই বিমানটি গুলি করে নামানোর দাবি করেছে। তাদের মতে, সার্বভৌমত্ব রক্ষার্থেই তারা এই হামলা চালিয়েছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড শত্রুদেশের হামলার তত্ত্ব খারিজ করে দিয়েছে। তাদের প্রাথমিক দাবি, কোনো প্রতিকূল পরিস্থিতির কারণে নয়, বরং এটি একটি দুর্ঘটনা।
এই KC-135 বিমানটি মার্কিন বিমান বাহিনীর অন্যতম মেরুদণ্ড। এটি মূলত আকাশে যুদ্ধবিমানগুলোকে জ্বালানি সরবরাহ (Refuelling) করতে ব্যবহৃত হয়। এর ফলে মার্কিন ফাইটার জেটগুলো অবতরণ না করেই দীর্ঘ সময় ধরে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে।



