মরিগাঁওয়ে ভোটগ্রহণ কেন্দ্রের সুবিধা নিশ্চিত করতে বিদ্যালয় প্রধানদের সঙ্গে জেলা কমিশনারের বৈঠক

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ মার্চ : বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের মাত্র কয়েক দিন বাকি থাকতে মরিগাঁও জেলাতেও জেলা নির্বাচন শাখা প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করে তুলেছে। সোমবার মরিগাঁও জেলা গ্রন্থাগারের প্রেক্ষাগৃহে ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে ন্যূনতম সুবিধাগুলি সুনিশ্চিত করতে মরিগাঁও জেলা কমিশনার অনামিকা তেওয়ারি ভোটগ্রহণ কেন্দ্র থকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে একটি পর্যালোচনা সভার আয়োজন করেন। সভায় জেলা কমিশনার বলেন, নির্বাচনী প্রক্রিয়াটি সুচারুরূপে সম্পন্ন করার ক্ষেত্রে বিদ্যালয় প্রধানদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানের চত্বর এবং সম্মুখভাগ পরিষ্কার রাখার সুব্যবস্থা করতে নির্দেশ দেন।  বিদ্যালয়গুলি পরিষ্কার করার ক্ষেত্রে সহায়তা করার জন্য বিদ্যালয়ের নিকটবর্তী স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে যুক্ত হয়ে স্বচ্ছতা অভিযান চালাতে পরামর্শ প্রদান করেন। ভোটগ্রহণের জন্য আগত আধিকারিকদের বিদ্যালয়ে ন্যূনতম সুবিধাগুলি প্রদান করা সুনিশ্চিত করতে দু’জন বিদ্যালয় পরিচালনা সমিতির ব্যক্তিকে দায়িত্ব অর্পণ করার পাশাপাশি বিদ্যালয়ের অপরিচ্ছন্ন ব্যবস্থাগুলি ত্রুটিহীন করতে  প্রধান শিক্ষকদের নির্দেশ দেন। পাশাপাশি ভোটকেন্দ্রের আশেপাশে থাকা যেকোনো অসামাজিক উপাদান সম্পর্কে আগেভাগে জেলা প্রশাসনকে অবহিত করতেও তিনি আহ্বান জানান।

বিদ্যালয় প্রধানদের নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন থেকেই ছাত্র-ছাত্রীদের নিয়মিত উপস্থিতি সুনিশ্চিত করা এবং সরকারি বিদ্যালয়ে নামভর্তিকরণের হার বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে আহ্বান জানান। সভায় মরিগাঁও জেলা পরিষদের মুখ্য নির্বাহী আধিকারিক অনন্ত গগৈ, মরিগাঁও জেলার বিদ্যালয়ের পরিদর্শক ড. অপূর্ব ঠাকুরিয়া, মায়াং রাজস্ব চক্র আধিকারিক প্রিয়ংকা গগৈ, বিদ্যালয় উপপরিদর্শক সমর বরুয়া এবং মরিগাঁও জেলার চারটি শিক্ষাখণ্ডের খণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মরিগাঁও জেলায় মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা হল ৯৬৮টি। এর মধ্যে ৫২ নং জাগিরোড (এসসি) কেন্দ্রে ৩৩৫টি, ৫৩ নং লাহরিঘাট কেন্দ্রের ৩৫৫টি এবং ৫৪ নং মরিগাঁও কেন্দ্র ২৭৮টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *