বরাক তরঙ্গ, ১ এপ্রিল : আসন্ন নির্বাচনে কংগ্রেসের পক্ষে প্রচারে অংশ নিতে কাছাড় জেলায় এলেন মণিপুর (ইনার)-এর লোকসভা সাংসদ ড. আঙমচা বিমল আকোইজাম। বুধবার লক্ষীপুরে কংগ্রেস প্রার্থী ড. এম শান্তিকুমার সিংহ-এর সমর্থনে একাধিক নির্বাচনী সভায় যোগ দেন।
লক্ষীপুরের বিভিন্ন এলাকায় মোট চারটি সভা করেন সাংসদ আকোইজাম। জয়পুরের আওয়াং লৈকাই, সিঙ্গেরবন্দ, কাপ্তানপুরের চিংগং লৈকাই এবং পয়লাপুল খুঞ্জা বস্তিতে অনুষ্ঠিত সভাগুলিতে বিভিন্ন জাতিগোষ্ঠীর শতাধিক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
জয়পুরে আয়োজিত প্রথম সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সাধারণ মানুষ এখন পরিবর্তন চাইছেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানান, “ড. শান্তিকুমারকে শুধুমাত্র মণিপুরি পরিচয়ে নয়, একজন কংগ্রেস প্রার্থী হিসেবে বিবেচনা করে তাঁকে জয়ী করুন।” একইসঙ্গে তিনি অভিযোগ করেন, শাসক দল কংগ্রেসের নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টি করছে এবং কর্মীদের ভয় দেখানো হচ্ছে।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক দেশে প্রত্যেক নাগরিকের নির্বাচনে অংশগ্রহণের অধিকার রয়েছে এবং সেই অধিকারে হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানান তিনি।
অসম সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তিনি অভিযোগ করেন, হিমন্ত বিশ্ব শর্মা-র নেতৃত্বাধীন বিজেপি সরকার দুর্নীতি ও ঋণের বোঝা বাড়িয়েছে এবং বিভেদের রাজনীতি করছে। তিনি এই সরকারকে সরিয়ে গৌরব গগৈ-এর নেতৃত্বে নতুন সরকার গঠনের আহ্বান জানান।
অন্যদিকে, কংগ্রেস প্রার্থী ড. শান্তিকুমার সিংহ অভিযোগ করেন, শাসক দলের ভয়ে অনেক কর্মী-সমর্থক খোলাখুলি প্রচারে নামতে পারছেন না। তিনি জানান, বিভিন্ন জায়গায় সভা আয়োজন ও প্রচারে বাধা দেওয়া হয়েছে।
তবে প্রতিকূলতার মধ্যেও জনসমর্থন বাড়ছে বলে দাবি করেন তিনি। এদিনের সভাগুলিতে উপস্থিত ছিলেন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব ও বহু কর্মী-সমর্থক।



