২৭ জানুয়ারি : কিশোর-কিশোরীদের অনলাইন সুরক্ষা আরও জোরদার করার জন্য বড় পদক্ষেপ নিল ফরাসি সরকার। ১৫ বছরের নীচে কোনও ছেলে অথবা মেয়ে আর সামাজিক মাধ্যম ব্যবহার করতে পারবে না, সোমবার ফ্রেঞ্চ অ্যাসেম্বলিতে এমনই একটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। এই বিলের পক্ষে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ভোট পড়েছে। যেখানে ১১৬ জন সদস্য বিলের সমর্থনে ভোট দিয়েছেন সেখানে বিপক্ষে ভোট পড়েছে মাত্র ২৩টি। অ্যাসেম্বলি থেকে পাশ হওয়ার পর বিলটি এখন সেনেটে পাঠানো হয়েছে। আগামী সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এই আইন কার্যকর করতে চাইছে সরকার।
সরকারি সূত্রে জানা গিয়েছে যে, অনলাইন বুলিং থেকে শুরু করে অতিরিক্ত স্ক্রিন টাইম এবং ডিজিটাল আসক্তির মতো সমস্যা গুলির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিশোরদের মানসিক স্বাস্থ্যের উপর সমাজ মাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ বাড়ছিল।
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই সিদ্ধান্তকে ‘একটি বড় এবং সাহসী পদক্ষেপ’ বলেও উল্লেখ করেছেন। সরকারও জানিয়েছে যে, এই আইনের মাধ্যমে তরুণ প্রজন্মকে আরও সুস্থ এবং ভারসাম্যপূর্ণ ডিজিটাল পরিবেশ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই আইন কার্যকর হলে ইউরোপে এই ধরনের কড়া সামাজিক মাধ্যম নিষেধাজ্ঞা চালু করা প্রথম দেশ হবে ফ্রান্স।



