বরাক তরঙ্গ, ৮ জানুয়ারি : বরপেটা জেলায় ১৩ বছরের এক নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ৬০ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেন। গণপিটুনিতে অভিযুক্ত ব্যক্তি আহতও হন বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনা ঘটেছে বুধবার বিকেলে তারাবাড়ি থানার অন্তর্গত বাদগাঁও গ্রামের নয়া পাড়া এলাকায়। অভিযোগ, টিউশন ক্লাস শেষে বিকেল পাঁচটা নাগাদ বাড়ি ফিরছিল কিশোরী। সেই সময় অভিযুক্ত আলিফ ভূঁইয়া তার মুখ চেপে ধরে জোর করে নিজের বাড়িতে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। পরে ছেড়ে দেওয়ার পর বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানায় কিশোরী। পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পকসো আইনের ৬ নম্বর ধারা এবং ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় মামলা গ্রহণ করা হয়। বুধবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
বরপেটার সিনিয়র পুলিশ সুপার সুশান্ত বিশ্বাস শর্মা জানান, কিশোরীর মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং নির্ধারিত আইন অনুযায়ী তার জবানবন্দি রেকর্ড করা হবে। মামলার তদন্ত দ্রুতগতিতে চলছে, অভিযুক্তকে আদালতে তোলা হবে বলেও তিনি জানান। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তোলেন তাঁরা। উত্তেজিত জনতার একাংশ অভিযুক্তের বাড়িতে আগুন লাগায়। দমকল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গণপিটুনিতে আহত অভিযুক্তকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
প্রতিবাদকারীদের দাবি—দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন ঘটনা চলতেই থাকবে। অনেকেই মৃত্যুদণ্ডের দাবিও তোলেন। জেলা প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের আহ্বান—শান্ত থাকুন, কারণ গোটা বিষয়টি আইনগত প্রক্রিয়া মেনেই তদন্ত করা হচ্ছে।



