বরাক তরঙ্গ, ১৩ এপ্রিল : নির্বাচনী প্রচারের সময় শালীনতার সীমা অতিক্রম করে বিরোধী প্রার্থীর পরিবারের বিরুদ্ধে আক্রমণ চালানোর গুরুতর অভিযোগে এবার আইনি জটিলতায় জড়িয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর মন্তব্য এবং অনলাইনের মাধ্যমে মানসিক হয়রানির অভিযোগ তুলে আজ জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন মধ্য গুয়াহাটি কেন্দ্রের বিরোধী প্রার্থী কুংকি চৌধুরীর মা সুজাতা গুরুং চৌধুরী। ক্ষমতার অপব্যবহার করে এক মহিলার মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগে তিনি দিল্লিস্থ মহিলা কমিশনের কার্যালয়ে অভিযোগ দায়ের করেছেন।
সুজাতা গুরুং চৌধুরীর অভিযোগ অনুযায়ী, নির্বাচনী প্রচারের সময় মুখ্যমন্ত্রী তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে কোনও তথ্য-প্রমাণ ছাড়াই অত্যন্ত আপত্তিকর ও অপমানজনক মন্তব্য করেন। এসব মন্তব্য শুধু জনসভাতেই সীমাবদ্ধ থাকেনি, বরং বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যার ফলে তিনি তীব্র মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন। একজন উচ্চপদস্থ ব্যক্তি নির্বাচনী সুবিধা লাভের উদ্দেশ্যে একজন মহিলার ব্যক্তিগত জীবন ও সম্মান নিয়ে এভাবে আক্রমণ চালানো অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেও তিনি মন্তব্য করেন।
দিল্লিস্থ জাতীয় মহিলা কমিশনের কার্যালয়ে দাখিল করা অভিযোগে সুজাতা গুরুং চৌধুরী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়া চলার অজুহাতে কোনও ব্যক্তি অন্যের মর্যাদা ক্ষুণ্ণ করতে পারেন না। এই ঘটনায় ন্যায়বিচারের আশায় তিনি কমিশনের কাছে সম্পূর্ণ বিষয়টির নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগেও কুংকি চৌধুরী এবং তাঁর সোশ্যাল মিডিয়া টিমের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপকে ঘিরে সচেতন মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। বর্তমানে পুরো বিষয়টি জাতীয় মহিলা কমিশনের বিবেচনাধীন রয়েছে। নির্বাচনের ফলাফল ঘোষণার আগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগ রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। অভিযোগের ভিত্তিতে কমিশন পরবর্তীতে ড. হিমন্ত বিশ্ব শর্মাকে নোটিশ জারি করে কি না, তা এখন দেখার বিষয়।



