বরাক তরঙ্গ, ২৬ মার্চ : মণিপুরের বিষ্ণুপুর জেলায় সন্দেহভাজন কুকি জঙ্গিদের গুলিবর্ষণের ঘটনার পর বৃহস্পতিবার থেকে ব্যাপক যৌথ নিরাপত্তা অভিযান জোরদার করা হয়েছে। ফৌলজাং ও গোথোল এলাকায় জঙ্গিরা ভারতীয় সেনার একটি পোস্টকে লক্ষ্য করে হামলা চালায় বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
ইম্ফলের এক পুলিশ আধিকারিক জানান, বুধবার গভীর রাতে ফৌলজাং ও গোথোল এলাকায় জঙ্গিরা ফৌগাকচাও আওয়াং লেইকাইয়ে অবস্থিত সেনা পোস্ট লক্ষ্য করে গুলি চালায়। ঘটনায় ভারতীয় সেনা ও সিআরপিএফের ৫৮ নম্বর ব্যাটালিয়ন দ্রুত পাল্টা জবাব দেয়। প্রায় ৩০ মিনিট ধরে উভয় পক্ষের মধ্যে গুলির লড়াই চলে।
এর পরই বৃহস্পতিবার ভোর থেকে ভারতীয় সেনা, সিআরপিএফ, মণিপুর পুলিশ এবং মণিপুর আর্মড ফোর্স (ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন) যৌথভাবে অভিযানে নামে। সংঘর্ষস্থল এবং সংলগ্ন পাহাড়ি এলাকাগুলিতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, উখরুল জেলার লিতান ও মংকাট চেপু আপার গ্রাম এলাকায় অবৈধভাবে নির্মিত ছয়টি বাঙ্কার ভেঙে দিয়েছে নিরাপত্তা বাহিনী। এর ফলে লিতান অঞ্চলের বেশিরভাগ বাঙ্কার অকার্যকর হয়ে পড়েছে।
এছাড়াও, ইম্ফল পশ্চিম জেলার পাটসোই এলাকা থেকে ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (ইউএনএলএফ)-এর এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম আসেম সুবাশ মেইতেই ওরফে লিংজেলখোম্বা (৩০)। তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে।



