কৃষ্ণেন্দু মনোনয়ন দাখিল পর্বে জনসমুদ্র

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৩ মার্চ : মনোনয়ন দাখিলের দিন পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে শক্তির মহাপ্রদর্শন করল বিজেপি। বিশাল জনসমাগম ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দেন দলের প্রার্থী ও বর্তমান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।

সোমবার ভোর থেকেই পাথারকান্দির বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী-সমর্থকেরা কানিশাইলস্থিত মন্ত্রীর বাসভবনে জমায়েত হতে থাকেন। সকাল গড়াতেই তা রূপ নেয় এক বিশাল জনস্রোতে। নারী, যুবক ও প্রবীণ—সব শ্রেণির মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। ঢাক-ঢোল, পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত পরিবেশে সকাল প্রায় ১১টা নাগাদ বিশাল শোভাযাত্রা নিয়ে জেলা সদর অভিমুখে রওনা দেন কৃষ্ণেন্দু পাল।
শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিজেপি কার্যালয় হয়ে জেলা আয়ুক্তের কার্যালয়ে পৌঁছে, যেখানে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি। পথজুড়ে সাধারণ মানুষ প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এই কর্মসূচিতে প্রার্থীর পাশে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস, জেলা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্যসহ দলের একাধিক শীর্ষ নেতা।

মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষ্ণেন্দু পাল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানিয়ে বলেন, পাথারকান্দির মানুষের সমর্থনেই গত কয়েক বছরে উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তিনি দাবি করেন, রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য ও পানীয় জলের ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ হয়েছে এবং উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে মানুষ আবারও বিজেপির ওপর আস্থা রাখবেন।

রাজনৈতিক মহলের মতে, এদিনের এই বিশাল শোভাযাত্রা কেবল মনোনয়ন দাখিল নয়, বরং বিজেপির সংগঠন শক্তি ও জনপ্রিয়তার স্পষ্ট প্রদর্শন। পাথারকান্দিতে সাম্প্রতিক উন্নয়নমূলক কাজকে সামনে রেখেই এবার নির্বাচনী লড়াইয়ে নামছে দল।

স্থানীয়দের একাংশ উন্নয়নমূলক কাজকে ইতিবাচকভাবে দেখলেও চূড়ান্ত ফলাফল নির্ভর করবে ভোটের দিনের উপর। সব মিলিয়ে, পাথারকান্দিতে মনোনয়ন পর্ব ঘিরে শুরু হয়ে গেল নির্বাচনী উত্তেজনা, যার কেন্দ্রে রয়েছেন বিজেপির তৃতীয়বারের প্রার্থী কৃষ্ণেন্দু পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *