বরাক তরঙ্গ, ১৫ ফেব্রুয়ারি : ২০১৯ সালের এই দিনে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় ভারতীয় সেনার কনভয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ৪০ জন জওয়ান শহিদ হন এবং বহু সেনা আহত হন। এই মর্মান্তিক ঘটনার স্মৃতিতে প্রতিবছরের মতো এ বছরও দেশজুড়ে পালিত হয় কালো দিবস। এ উপলক্ষে শ্রীভূমির অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন খুশি স্মৃতি সংস্থা-র উদ্যোগে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। সংস্থার পক্ষ থেকে একটি অস্থায়ী শহিদ বেদী নির্মাণ করে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহিদদের স্মরণ করা হয়।
এদিন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংস্থার সভানেত্রী সুলেখা দত্ত চৌধুরী, কার্যকরী সভাপতি সৌমিত্র পাল, উপদেষ্টা অসিত দত্ত ও মঞ্জুশ্রী চক্রবর্তী, সহ-সভানেত্রী শ্রাবণী পাল, কোষাধ্যক্ষ মৃত্যুঞ্জয় চক্রবর্তী সহ রাজন সাহা সর্দার, কৃষ্ণা মেমন দেব, সন্ধ্যা কর, অর্পিতা দাস ধর, অরূপ রায়, সায়নিক দে এবং আরোহী ধর প্রমুখ।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, দেশের জন্য আত্মত্যাগকারী শহিদদের এই ত্যাগ কখনও ভোলা যাবে না। তাঁদের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগ্রত করতেই এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।



