১২ ফেব্রুয়ারি : ফের এনকাউন্টার। উত্তরপ্রদেশের মুজফফরনগরে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল এক কুখ্যাত দুষ্কৃতীর। পুলিশ সূত্রে খবর, যার মাথার দাম ছিল ৫০ হাজার টাকা। নিহত ওই ব্যক্তির নাম আমজাদ। পুলিশের খাতায় ‘মোস্ট ওয়ান্টেড’-এর তালিকায় ছিল তাঁর নাম।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের মুজফফরনগরের ত্রাস ছিল আমজাদ। খুন, তোলাবাজি, অপহরণ-সহ বহু মামলা ছিল তার বিরুদ্ধে। অনেক দিন ধরেই আমজাদকে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রে খবর আসে, মুজফ্ফরনগরের বুঢানায় বিজ্ঞান রোডের কাছে দেখা গিয়েছে আমজাদকে। তার পর পুলিশের বিশেষ দল সেখানে পৌঁছয়।
পুলিশকে লক্ষ্য করে কার্বাইন দিয়ে গুলি চালাতে থাকেন আমজাদ। সেই সময় দুই পক্ষের গুলি পাল্টা গুলির লড়াই চলতে থাকে। তখন গুলিবিদ্ধ হয় আমজাদ। গুরুতর জখম অবস্থায় তাকে দ্রুত বুধনা কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এক শীর্ষ পুলিশ আধিকারিক।



