গোপন তথ্য ফাঁস ও দুর্নীতির অভিযোগে সরব করিমগঞ্জ জেলা কংগ্রেস

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২২ ফেব্রুয়ারি : অসম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বরা-কে ঘিরে তীব্র সমালোচনা করলেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের মিডিয়া বিভাগের নেতা সাহাদত আহমদ চৌধুরী। তাঁর অভিযোগ, ভূপেন বরার নেতৃত্বের কারণেই গত এক দশক ধরে ক্ষমতার বাইরে রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। পাশাপাশি, দলের ভেতরে থাকা আরও কয়েকজন “বিশ্বাসঘাতককে” চিহ্নিত করে দল থেকে বহিষ্কারের দাবিও জানান তিনি।
সাহাদত চৌধুরীর বক্তব্যে উঠে এসেছে একাধিক গুরুতর অভিযোগ। তাঁর দাবি, ভূপেন বরার নেতৃত্বে দলীয় অদূরদর্শিতা, গোপন তথ্য ফাঁস, টিকিট বণ্টনে অনিয়ম এবং ব্যক্তিস্বার্থে সংগঠনকে দুর্বল করার মতো ঘটনা ঘটেছে। তিনি বলেন, বরার প্রদেশ সভাপতির সময় কংগ্রেস কোনও বড় নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেনি। বরং তৃণমূল স্তরে সংগঠন দুর্বল হয়েছে এবং অনেক নিষ্ঠাবান কর্মী দল থেকে দূরে সরে গিয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের ভালো ফল করার সম্ভাবনা থাকলেও নেতৃত্বের অদূরদর্শিতা ও অভ্যন্তরীণ কোন্দলের কারণে সেই সুযোগ হাতছাড়া হয়েছে।

সাহাদতের আরও দাবি, প্রদেশ সভাপতির সময় ভূপেন বরার নাম “কালেকশন বরা” হিসেবে পরিচিত হয়ে ওঠে এবং বিভিন্ন কমিটিতে স্থান পেতে কমিশন নেওয়া হতো। এমনকি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগও তোলেন তিনি।

আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস নতুন কৌশল নিয়ে এগোচ্ছে বলে জানান সাহাদত। তৃণমূল স্তরে সংগঠনকে শক্তিশালী করা এবং জনসমর্থন পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ শুরু হয়েছে। তাঁর দৃঢ় বিশ্বাস, আগামী নির্বাচনে কংগ্রেস পুনরায় ক্ষমতায় ফিরবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *