মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : ক্রীড়া ও উৎসবমুখর পরিবেশে কানিশাইলে সফলভাবে সমাপ্ত হল মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বাবার নামাঙ্কাতি প্রয়াত কৃপেশ রঞ্জন পাল স্মৃতি সেভেন-এ সাইড নাইট ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার গভীর রাতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে বদরপুর চমৎকার ক্লাব ৪ উইকেটের ব্যবধানে কানিশাইল খান ব্রাদার্স সেভেন স্টারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এই জয়ের মাধ্যমে বদরপুর চমৎকার ক্লাব এ টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো শিরোপা নিজেদের দখলে নিল। কানিশাইল লাইফ লাইন হাসপাতাল সংলগ্ন মাঠে রাত ১০টায় শুরু হওয়া ফাইনাল ম্যাচটি ঘিরে এলাকার ক্রীড়াপ্রেমী দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মাঠের চারপাশে উপচে পড়া ভিড়, করতালি আর উল্লাসে পুরো এলাকা যেন এক উৎসবের রূপ নেয়।
ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ান দলের হিফজুল হক দত্ত অসাধারণ অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করে ম্যান অব দ্য ম্যাচ এবং পুরো টুর্নামেন্টে ধারাবাহিক সেরা পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন। তার দায়িত্বশীল ও সাহসী খেলাই দলের জয়ের অন্যতম প্রধান ভিত্তি হয়ে ওঠে।এই গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন রূপজ্যোতি দাস ও অনুপম দাস। ধারাভাষ্যকার হিসেবে মাঠের উত্তেজনা আরও বাড়িয়ে দেন সেলিম আহমদ ও খয়রুল আলম চৌধুরী। স্কোরারের দায়িত্বে ছিলেন মনিরুজ্জামান ও আফজল আহমেদ খাঁন।খেলা শেষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সঞ্জীব বণিক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক ও প্রাক্তন খেলোয়াড় জহিরুল আলম চৌধুরী, সাংবাদিক আজহার উদ্দিন এবং ক্রীড়াবিদ খয়রুল আলম চৌধুরী। খেলা কমিটির পক্ষ থেকে সভাপতি আব্দুল সাহিদ সাইলু, তারেক ইকবাল, সাব্বির আহমদসহ অন্যান্য সদস্যরা অতিথিদের গামছা দিয়ে আন্তরিকভাবে বরণ করে নেন।
প্রধান অতিথি সঞ্জীব বণিক তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রয়াত কৃপেশ রঞ্জন পালের স্মৃতিতে এমন একটি মনোমুগ্ধকর নাইট ক্রিকেট টুর্নামেন্ট শুরু করে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে শেষ করার জন্য আয়োজক কমিটি, স্পন্সার মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।তিনি আরও বলেন, “খেলাধুলা মানুষের শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, সহমর্মিতা ও বন্ধুত্ববোধ গড়ে তোলে। এর মাধ্যমে খেলোয়াড়দের প্রতিভার বিকাশ ঘটে এবং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে যায়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলা কমিটির সভাপতি আব্দুল সাহিদ সাইলু, সম্পাদক কুমার কুমারজিত দত্ত, তারেক ইকবাল, বদরুল হকসহ খেলা কমিটির সকল সদস্যবৃন্দ।শেষে প্রধান অতিথি সঞ্জীব বণিক ও অন্যান্য অতিথিবৃন্দ মিলিতভাবে চ্যাম্পিয়ান দল বদরপুর চমৎকার ক্লাবের হাতে ৪০ হাজার টাকা নগদ অর্থসহ ট্রফি তুলে দেন। রানার্স-আপ দল কানিশাইল খান ব্রাদার্স সেভেন স্টারের খেলোয়াড়দের হাতে ট্রফিসহ ২০ হাজার টাকা নগদ পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য, এই সেভেন এ সাইড নাইট ক্রিকেট টুর্নামেন্টটি মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বাবা কৃপেশরঞ্জন পালের স্মৃতিতে আয়োজন করা হয়। ফাইনাল ম্যাচটি উপভোগ করতে মাঠজুড়ে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি প্রমাণ করে যে, এই টুর্নামেন্ট এলাকায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।



