হাইলাকান্দিতে পুলিশ–অসামরিক আধিকারিকদের যৌথ প্রশিক্ষণ সম্পন্ন

Spread the news

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২৬ মার্চ : আসন্ন ৯ এপ্রিলের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দি জেলায় প্রশাসনিক প্রস্তুতি জোরদার করতে তৎপরতা তুঙ্গে। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে বুধবার হাইলাকান্দি এসএস কলেজের অডিটোরিয়াম হলে পুলিশ–অসামরিক আধিকারিকদের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা আয়ুক্ত  অভিষেক জৈন যৌথ প্রশিক্ষণ পর্ব পরিদর্শন করে সমন্বয় ও সতর্কতার উপর গুরুত্ব আরোপ করে বলেন, সমন্বয় ও সতর্কতাই  সফল ভোট পরিচালনার মূল চাবিকাঠি। জেলা জুড়ে বিভিন্ন জোন ও সেক্টরে দায়িত্বপ্রাপ্ত পুলিশ এবং অসামরিক বাহিনীর আধিকারিকদের নিয়ে আয়োজিত এই যৌথ প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত থেকে তিনি নির্বাচনী প্রস্তুতির খুঁটিনাটি খতিয়ে দেখেন। প্রশিক্ষণ চলাকালীন তিনি পুলিশ ও অসামরিক প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয়ের উপর বিশেষ জোর দেন, যাতে মাঠপর্যায়ে কোনও ধরনের বিঘ্ন ছাড়াই ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা যায়।

জেলা আয়ুক্ত এদিন দায়িত্ব পালনে সর্বদা সতর্ক ও সচেতন থাকতে আধিকারিকদের পরামর্শ দেন। বলেন একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” এই প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য ছিল নির্বাচনী প্রস্তুতিকে আরও শক্তিশালী করা, বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় বৃদ্ধি করা এবং তৃণমূল স্তরে নির্বাচন পরিচালনার দক্ষতা নিশ্চিত করা। এদিনের যৌথ প্রশিক্ষণে হাইলাকান্দির পুলিশ সুপার অমিতাভ সিনহা ও অংশ নিয়ে বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *