২২ মার্চ : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে একদিনের ব্যবধানে ভিন্ন সুরে কথা বলে নতুন করে আলোচনায় এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিনে যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করলেও রাতেই তিনি যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়েছেন বলে বিশ্লেষকদের ধারণা।
স্থানীয় সময় শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দিলে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক পদক্ষেপ নেবে।
ট্রাম্প তার পোস্টে লিখেছেন, “এই মুহূর্ত থেকে ঠিক ৪৮ ঘণ্টার মধ্যে যদি ইরান কোনও হুমকি ছাড়াই হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের বড় বিদ্যুৎকেন্দ্রসহ একাধিক স্থাপনায় হামলা চালাবে এবং সেগুলো ধ্বংস করে দেবে।”
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েলের সঙ্গে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর পরপরই ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যা বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট।





