জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৯ মার্চ : ভারতীয় বায়ুসেনায় অগ্নিবীরবায়ু পদে যোগদানের জন্য অবিবাহিত ভারতীয় নারী ও পুরুষ প্রার্থীদের নিয়োগ সমাবেশে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। এই নিয়োগ সমাবেশ আগামী ২০ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত শিলং, মেঘালয়-এ অনুষ্ঠিত হবে। নিয়োগ সমাবেশের স্থান নির্ধারণ করা হয়েছে হেডকোয়ার্টার ইস্টার্ন এয়ার কমান্ড আইএএফ, নঙ্গলাইয়ের, পোস্ট অফিস আপার শিলং, মেঘালয় ৭৯৩০০৯। এতে প্রার্থীদের অবিবাহিত হতে হবে এবং তাদের জন্ম তারিখ ২ জুলাই ২০০৫ থেকে ২ জানুয়ারি ২০০৯-এর মধ্যে হতে হবে (উভয় তারিখসহ)। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীকে যেকোন স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে ইন্টারমিডিয়েট/১০+২ বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং মোট নম্বরে কমপক্ষে ৫০ শতাংশ ও ইংরেজিতে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। অথবা, স্বীকৃত বোর্ড থেকে দুই বছরের ভোকেশনাল কোর্স সম্পন্ন থাকতে হবে, যেখানে মোট নম্বরে কমপক্ষে ৫০ শতাংশ এবং ইংরেজিতে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।
এছাড়াও, স্বীকৃত পলিটেকনিক প্রতিষ্ঠান থেকে তিন বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা (যেমন: মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি বা ইনফরমেশন টেকনোলজি) সম্পন্ন প্রার্থীরাও আবেদন করতে পারবেন, যেখানে মোট নম্বরে ৫০ শতাংশ এবং ইংরেজিতে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। এতে ২০ মার্চ তারিখে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় ও সিকিম রাজ্যের সব জেলার মহিলা প্রার্থীদের জন্য রিপোর্টিং সময় সকাল ৬টা। পাশাপাশি, ২২ মার্চ তারিখে একই রাজ্যগুলির পুরুষ প্রার্থীদের জন্য রিপোর্টিং সময় সকাল ৬টা। প্রার্থীদের সর্বশেষ রিপোর্টিং সময় সকাল ১০টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট https://agnipathvayu.cdac.in-এ লগ ইন করার জন্য অনুরোধ করা হয়েছে।
ছবি প্রতীকী।




