নলবাড়িতে অভিবর্তন এআইডিএসওʼর

বরাক তরঙ্গ, ১৩ ডিসেম্বর : নলবাড়ির ডিরুবা অঞ্চলে এআইডিএসওʼর উদ্যোগে শিক্ষা ও জনবিরোধী জাতীয় শিক্ষা নীতি, ২০২০ বাতিল করা, সরকারি স্কুলের শূন্য পদে শিক্ষক নিয়োগ, অষ্টম শ্রেণি পর্যন্ত পুনরায় পাস ফেল প্রথা চালু করা, একত্রীকরণের নামে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না করা, ভেঞ্চার স্কুল অভিলম্বে গ্রান্ট করা ইত্যাদি দাবিতে শিক্ষা অভিবর্তন অনুষ্ঠিত হয়। নলবাড়ি জেলা কমিটির অন্যতম সদস্য মালতী বসুমাতারির সভাপতিত্বে অনুষ্ঠিত অভিবর্তনে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য কাউন্সিলের সভাপতি হিল্লোল ভট্টাচার্য।

অভিবর্তনের উদ্দেশ্য ব্যখ্যা করেন কঙ্কন দাস। অভিবর্তনে জাতীয় শিক্ষানীতি, ২০২০ এর তীব্র সমালোচনা করে বক্তারা বলেন যে এই শিক্ষা নীতি আসলে শিক্ষার ব্যবসায়ীকিকরণ, বাণিজ্যিকীকরণের নীল নক্সা। জাতীয় শিক্ষা নীতি ২০০৯ সালে শিক্ষা অধিকার আইন বলবৎ করে ১ম থেকে ৮ম শ্রেণি পর্যন্ত পাস ফেইল প্রথা তুলে দিয়ে প্রাথমিক শিক্ষাকে যে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে সে সম্পর্কে একটি কথাও বলেনি। অথচ এই শিক্ষা নীতিতে ছাত্র সংখ্যা কম হলে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে ‘ক্লোজার ও মার্জার’ নীতির মাধ্যমে বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে। এতে স্পষ্ট যে এই শিক্ষা নীতি সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতেই প্রণয়ন করা হয়েছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থার শোচনীয় পরিস্থিতির কথাও আজকের অভিবর্তনে আলোচিত হয়। রাজ্যের সরকারি স্কুলের হাজার হাজার শিক্ষকের পদ বছরের পর বছর ধরে শূন্য পড়ে আছে। ভেঞ্চার স্কুল সমূহ গ্রান্ট করা হচ্ছে না। এতেই সরকারের মনোভাব পরিষ্কার বোঝা যায়। আজকের অভিবর্তনে উপস্থিত ছাত্রছাত্রীরা শিক্ষার এসব সমস্যা নিয়ে ভবিষ্যতে তীব্র আন্দোলন গড়ে তোলার সংকল্প গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *