বদলে দেবে দেশের বাণিজ্য, ভারত-ইউরোপিয়ান ইউনিয়ন চুক্তি সরকারি ভাবে ঘোষণা হতে পারে মঙ্গলবারেই

২৭ জানুয়ারি : ভারত ও ইউরোপীয় ইউনিয়ন মঙ্গলবার একটি ঐতিহাসিক ও মুক্ত বাণিজ্য চুক্তি ঘোষণার পথে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির কারণে সৃষ্টি হওয়া অনিশ্চয়তার প্রেক্ষিতে দুই পক্ষই নিজেদের ভবিষ্যৎ নিয়ে একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারে বলে আশা করা হচ্ছে। জানা যাচ্ছে, এই প্রস্তাবিত চুক্তি বাণিজ্যসহ একাধিক ক্ষেত্রে ভারত-ইউরোপিয়ান ইউনিয়ন দ্বিপাক্ষিক সম্পর্ককে গুণগতভাবে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

সূত্র মারফত জানা যাচ্ছে, এই বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, গুরুত্বপূর্ণ প্রযুক্তি ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শীর্ষ সম্মেলনে একটি প্রতিরক্ষা কাঠামো চুক্তি হওয়ার কথাও রয়েছে। ইউরোপ বর্তমানে যুক্তরাষ্ট্র ও চিনের ওপর নির্ভরতা কমিয়ে বিশ্বের অন্যান্য অঞ্চলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চাইছে।

সেই পরিস্থিতিতেই ভারতের সঙ্গে এই নয়া চুক্তির ঘোষণা হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সম্মেলনে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তাকে স্বাগত জানাবেন।

প্রসঙ্গত, কোস্তা ও ভন ডার লেয়েন সোমবার কর্তব্য পথে অনুষ্ঠিত ৭৭তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গত সপ্তাহে উরসুলা ভন ডার লেয়েন বলেন, ভারত ও ইউরোপিয়ান ইউনিয়ন একটি ‘ঐতিহাসিক বাণিজ্য চুক্তির’ দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে।

প্রায় ২০০ কোটি মানুষের কর্মসংস্থান হবে এই চুক্তির ফলে। বিশ্বজুড়ে জিডিপির প্রায় এক-চতুর্থাংশ জুড়ে থাকবে এই চুক্তির ফলাফল। উল্লেখ্য, ২০০৪ সাল থেকেই ভারত ও ইউরোপীয় ইউনিয়ন কৌশলগত অংশীদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *