মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ১৭ মার্চ: ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বর কপিলাশ্রম শিব মন্দির ঘাটে বারুণী স্নানকে কেন্দ্র করে আয়োজিত বারুণী মেলার শুভ সূচনা হল মঙ্গলবার। কাটিগড়া চৌরঙ্গি এলাকায় মেলার প্রধান প্রবেশদ্বারে বেলা প্রায় ১১টায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং মেলা কমিটির সভাপতি তথা কাটিগড়া সার্কল অফিসার যাত্রা কর্মকার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক স্বপন দেব, সম্পাদক নির্ঝর দাস, বিশ্বজিৎ মালাকার, বিজু ভূষণ দাস, অসীম দত্ত, সজল দেব, অভিজিৎ মজুমদার, রাহুল দাসসহ বহু বিশিষ্ট ব্যক্তি এবং মেলার সার্কাসের স্বত্বাধিকারী আলতাফ খান। প্রায় এক মাসব্যাপী এই মেলা চলবে বলে জানা গেছে।
মেলার উদ্বোধন করে সাংসদ কনাদ পুরকায়স্থ বলেন, বারুণী মেলা সর্বস্তরের মানুষের এক মিলনক্ষেত্র। এখানে স্থানীয় মানুষ তাদের উৎপাদিত বিভিন্ন গৃহস্থালি সামগ্রী বিক্রি করে আর্থিকভাবে লাভবান হন। প্রাচীনকাল থেকে এই ধারার প্রচলন রয়েছে এবং মেলার সঙ্গে মানুষের গভীর আস্থা জড়িয়ে আছে। তিনি আরও বলেন, এই মেলায় শুধু ধর্মীয় আবহ নয়, মানুষের সমাগম ও স্থানীয় অর্থনীতিরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মেলা পরিচালনার জন্য তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

এর আগে মঙ্গলবার সকাল ৯টা থেকে সিদ্ধেশ্বর শিব মন্দির ঘাটে মধু তৃষ্ণা ত্রয়োদশী উপলক্ষে বারুণী স্নান শুরু হয়। প্রাচীনকাল থেকে এই ঘাটে বারুণী স্নানের প্রচলন রয়েছে বলে তিনি উল্লেখ করেন। কপিলমুনির সিদ্ধিলাভের পর এখানে সিদ্ধেশ্বর শিব মন্দির প্রতিষ্ঠিত হয় বলে জনশ্রুতি রয়েছে।
প্রতি বছর এই উপলক্ষে বরাক উপত্যকা ছাড়াও পার্শ্ববর্তী ত্রিপুরা ও বিহার থেকে অসংখ্য সাধু-সন্ত এবং ভক্ত সমাগম ঘটে। এদিনের বারুণী স্নানে রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়। গোটা অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে এবং কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।



