২১ মার্চ : ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে আবারও কড়া ভাষায় অবস্থান জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালির নিরাপত্তা ও সম্ভাব্য যুদ্ধবিরতি প্রসঙ্গে তার সাম্প্রতিক মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-এর এক প্রতিবেদনে জানানো হয়, হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই বক্তব্য দেন। তিনি হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং এর নিরাপত্তা নিশ্চিত করতে আরও ব্যাপক সহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

ট্রাম্প বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা রক্ষায় শুধু যুক্তরাষ্ট্র নয়, অন্যান্য বড় অর্থনৈতিক শক্তিকেও এগিয়ে আসা উচিত। বিশেষ করে চিন ও জাপান-এর মতো দেশগুলো এতে যুক্ত হলে পরিস্থিতি আরও ভালোভাবে সামাল দেওয়া সম্ভব হবে বলে তিনি মনে করেন।
তবে একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন যে, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরতা তুলনামূলকভাবে কম। ট্রাম্পের ভাষায়, ইউরোপ ও এশিয়ার অনেক দেশের মতো যুক্তরাষ্ট্র এই রুটের ওপর তেমনভাবে নির্ভরশীল নয়। এই মন্তব্যে বোঝা যায়, বৈশ্বিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে এই পথটির গুরুত্ব অঞ্চলভেদে ভিন্ন হতে পারে।

সবচেয়ে বেশি আলোচিত হয়েছে যুদ্ধবিরতি প্রসঙ্গে ট্রাম্পের সরাসরি অবস্থান। তিনি স্পষ্টভাবে বলেন, ইরানের সঙ্গে কোনও ধরনের যুদ্ধবিরতিতে তাঁর আগ্রহ নেই। বরং তাঁর মতে, যখন একটি পক্ষ অন্য পক্ষকে “প্রায় নিশ্চিহ্ন করে দিচ্ছে”, তখন যুদ্ধবিরতির প্রশ্নই ওঠে না।
খবর : দৈনিক ইনকিলাব পত্রিকা ডিজিটাল।





