বরাক তরঙ্গ, ১৭ ফেব্রুয়ারি : কংগ্রেস নেতা ভূপেন বরা নাম উল্লেখ না করেই প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন দলেরই জ্যেষ্ঠ নেতা রকিবুল হোসেনের বিরুদ্ধে। সংবাদমাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, বর্তমানে APCC আর আগের মতো নেই, বরং “APCC(R)” হিসেবে পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, “এখন APCC নয়, APCC(R) চলছে। আমি APCC-তে থাকতে রাজি, কিন্তু APCC(R)-তে থাকতে রাজি নই। এখন বহু জেলা কমিটিও APCC(R)-তে পরিণত হয়েছে।”
এখানে APCC বলতে তিনি অসম প্রদেশ কংগ্রেস কমিটি (APCC)-র বর্তমান পরিস্থিতির প্রতি ইঙ্গিত করেন। ভূপেন বরা আরও বলেন, “আমার সাহস আছে, সেই কারণেই সহকর্মীদের সতর্ক করেছি। যদি কংগ্রেসে থাকতে হয়, তাহলে APCC নয়, APCC(R)-তেই থাকতে হবে। আমাকে কংগ্রেসের এক শীর্ষ নেতা মাত্রই একটি বার্তা পাঠিয়েছেন। আমি উত্তরে একজন ব্যক্তির নাম লিখে জানিয়েছি—You can love him, you can hate him, but you cannot ignore him. APCC is now APCC(R)। যা আমার জন্য সমস্যার বিষয়।”
এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মা তাঁর বাড়িতে যাওয়ার প্রসঙ্গে ভূপেন বৰা বলেন, “আমি এখন কোনো দলের সদস্য নই। আমার বাড়িতে মুখ্যমন্ত্রী এলে আপত্তির কিছু নেই। আগে থেকেই আমাদের মধ্যে যাতায়াত ছিল, আমরা একসঙ্গে ছিলাম। তবে পার্থক্যটা ২০১৫ সালে সৃষ্টি হয়েছিল।”



