কেশব স্মারক সংস্কৃতি সুরভীর ধন্বন্তরী সেবা যাত্রায় ব্যাপক সাড়া

বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : কেশব স্মারক সংস্কৃতি সুরভী (সেবা ভারতী দক্ষিণ আসাম প্রান্ত) পরিচালিত ২৩তম ধন্বন্তরী সেবা যাত্রায় সমগ্র বরাক উপত্যকায় ব্যাপক সাড়া পড়েছে। বিগত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই স্বাস্থ্য শিবির কার্যসূচিতে সুদূর হরিয়ানা, হিমাচল থেকে তামিলনাড়ু-কর্ণাটক পর্যন্ত ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ২৫ জন ডাক্তার অংশ নিচ্ছেন।প্রত্যন্ত গ্রামাঞ্চল ও চা বাগান অধ্যুষিত এলাকাগুলোতে পরিচালিত এই শিবিরগুলোতে এখন পর্যন্ত ১০টি কার্যসূচি সম্পন্ন হয়েছে। উল্লেখযোগ্য শিবিরগুলোর মধ্যে রয়েছে শ্রীভূমি জিলার সাদারশি, বারইগ্রাম, রামকৃষ্ণনগরের কালাছড়া চা-বাগান, কৃষ্ণনগর; কাছাড় জিলার পালরবন্দ, দিঘলী বাহাদুরপুর, ক্রেইগপার্ক চা বাগান ও রাজীব নগর, হাইলাকান্দি জিলার কাটানালা ও ঘাড়মুড়া। এসব শিবিরে ১১২৮ জন রোগী পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে।

শুরুতে শ্রীগৌড়ীস্থিত মাধবধামে ডাক্তারদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আয়োজকদের পক্ষ থেকে ডাঃ সুমন বিশ্বাস, সৌমেন্দ্রকুমার কুমত, সৌমিত্র দত্তরায়, সজল কুমার দেব, ললিত শর্মা ও বঙ্কিমচন্দ্র ত্রিপুরা উপস্থিত ছিলেন। ডাক্তারদের উত্তরীয় পরিধান করে বরণ করা হয় এবং তাদের মধ্যে উল্লেখযোগ্য উৎসাহ পরিলক্ষিত হয়েছে। সংস্থার পক্ষ থেকে শুভ্রাংশু শেখর ভট্টাচার্য জানান, আগামী তিন দিনে আরও ১৫টি শিবির পরিচালিত হবে। এই উদ্যোগ বরাকের প্রান্তাঞ্চলীয় মানুষের স্বাস্থ্যসেবায় নতুন আলোকপাত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *