মণিপুরে একাধিক অভিযানে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

Spread the news

বরাক তরঙ্গ, ২২ মার্চ : রাজ্যজুড়ে নিরাপত্তা বাহিনীর সমন্বিত একাধিক অভিযানে বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। মণিপুর পুলিশ সূত্রে জানা গেছে, ২০ মার্চ থৌবাল এবং ইম্ফল পশ্চিম জেলার একাধিক স্থানে এই উদ্ধার অভিযান চালানো হয়। থৌবাল জেলায়, নংপোক সেকমাই থানার অন্তর্গত হাওখোং চিং পাহাড়ের পাদদেশ থেকে উদ্ধার হয়েছে দুটি .৩২ পিস্তল (ম্যাগাজিনসহ), পাঁচটি একনলা রাইফেল এবং চারটি উচ্চ ক্ষমতাসম্পন্ন মর্টার।

খোংজোম থানার অন্তর্গত টেন্থা মারংবন্দ এলাকায় পৃথক অভিযানে একটি .৩২ পিস্তল, একটি ৯ মিমি পিস্তল, দুটি বোল্ট-অ্যাকশন রাইফেল এবং ১৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
এছাড়া টেকচাম সানজি চিং এলাকার পাদদেশে তল্লাশিতে তিনটি বোল্ট-অ্যাকশন রাইফেল, একটি কারবাইন (ম্যাগাজিনসহ), দু’টি পিস্তল এবং ১৪ রাউন্ড গুলি উদ্ধার হয়। লেইরংথেল পিত্রা মানিং চিং এলাকা থেকেও উদ্ধার হয়েছে একটি ইম্প্রোভাইজড .৩০৩ রাইফেল, দু’টি পিস্তল, একটি একনলা রাইফেল, একটি হ্যান্ড গ্রেনেড এবং ১৭ রাউন্ড তাজা গুলি।

অন্যদিকে, ইম্ফল পশ্চিম জেলার লামডেং ও কামেং এলাকায় (লামসাং থানার অধীনে) বড়সড় উদ্ধার অভিযান চালানো হয়। সেখানে একটি সেল্ফ-লোডিং রাইফেল (এসএলআর) ম্যাগাজিনসহ, দুটি দেশি বন্দুক, একটি পরিবর্তিত স্নাইপার ধরনের রাইফেল, ১১টি পিস্তল, ৮৫ রাউন্ড গুলি, শেলস এবং ক্যামোফ্লাজ হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও ম্যাগাজিন পাউচসহ ট্যাকটিক্যাল সরঞ্জাম উদ্ধার হয়েছে। শুক্রবার পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্রের চলাচল রুখতে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *