বান্দরকোনায় গৃহবধূ হত্যাকাণ্ড: গ্রেফতার অভিযুক্ত স্বামী

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : দাম্পত্য কলহ, ধারালো অস্ত্রের কোপ, আর নিষ্পাপ শিশুদের সামনে এক মায়ের মর্মান্তিক মৃত্যু পাথারকান্দি থানাধীন বান্দরকোনা গ্রামের সেই ভয়াবহ রাত আজও তাড়া করে ফিরছে এলাকাবাসীকে। অবশেষে সাত দিনের টানা অভিযানের পর গ্রেপ্তার হলো অভিযুক্ত ঘাতক স্বামী পাথারকান্দি থানার পুলিশ হাতে। জানা গেছে, বৃহস্পতিবার ধৃত অভিযুক্তকে জেলা মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (সি জেএম) আদালতে তোলা হয়। পুলিশ পক্ষ থেকে তিন দিনের রিমান্ডের আবেদন জানানো হবে বলে নিশ্চিত করেছেন পাথারকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসজ্যোতি বড়ো।

গত ২১ জানুয়ারি রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ফের তীব্র তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে মেজাজ হারিয়ে ছাদ উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর মাথায় এলোপাথাড়ি কোপ বসায়। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু হয় খয়রুন নেসার। নির্মম এই হত্যাকাণ্ডের প্রত্যক্ষ সাক্ষী হয়ে থাকে তাদেরই নিষ্পাপ চার সন্তান, যা এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। ঘটনার খবর পেয়ে পাথারকান্দি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিকে, হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত স্বামী ছাদ উদ্দিন পলাতক ছিল। অভিযুক্তকে ধরতে পুলিশ একাধিক দলে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালায় এবং চারদিকে পুলিশি জাল বিছানো হয়। অবশেষে স্থানীয়দের সহযোগিতায় প্রায় সাত দিন পর বুধবার সন্ধ্যায় চেরাগী এলাকা থেকে অভিযুক্ত ছাদ উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *