বরাক তরঙ্গ, ১২ ফেব্রুয়ারি : হৃদয়বিদারক ও শিহরণ জাগানো এক ঘটনায় স্তম্ভিত চাবুয়ার বামুনিয়াশিলধারী গ্রাম। স্বামীর পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে দু’মাসের শিশুকে হত্যা করে নিজেও আত্মঘাতী হয়েছেন এক গৃহবধূ। ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অভিযোগ অনুযায়ী, বামুনিয়াশিলধারী গ্রামের বাসিন্দা রতুল দাসের স্ত্রী করিশ্মা দাস প্রথমে নিজের দু’মাসের পুত্রসন্তানকে হত্যা করেন। এরপর নিজেও আত্মহননের পথ বেছে নেন। ঘটনাটি তাদের নিজ বাসভবনেই সংঘটিত হয়েছে বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, স্বামী রতুল দাসের সঙ্গে অন্য এক মহিলার অবৈধ সম্পর্ক ছিল। এই বিষয়কে কেন্দ্র করে কয়েক মাস ধরে দম্পতির মধ্যে প্রায়ই অশান্তি লেগেই থাকত। করিশ্মার মাতৃগৃহের লোকজনের অভিযোগ, রতুলের পরকীয়া সম্পর্ক নিয়েই সংসারে চরম অশান্তির সৃষ্টি হয়েছিল। এমনকি সংশ্লিষ্ট মহিলার স্বামীও রাতুলকে হুমকি দিয়েছিলেন বলে দাবি করা হয়েছে। বুধবার হঠাৎই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা, যা কেউ কল্পনাও করতে পারেননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা ও শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে। ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



