উত্তর করিমগঞ্জে তৃণমূল স্তরে ঝড় তুলছে বিজেপি, মহিলা মোর্চার ঘরে ঘরে প্রচার জোরদার

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি
বরাক তরঙ্গ, ৫ এপ্রিল : উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে নির্বাচনী লড়াই যতই তীব্র হচ্ছে, ততই তৃণমূল স্তরে সংগঠনকে আরও মজবুত করতে জোরকদমে প্রচারে নেমেছে বিজেপি। এই প্রচারে অগ্রণী ভূমিকা নিচ্ছে উত্তর শ্রীভূমি মণ্ডল মহিলা মোর্চা, যারা প্রতিদিন ধারাবাহিকভাবে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দিচ্ছেন দলের বার্তা এবং প্রার্থী সুব্রত ভট্টাচার্যের উন্নয়নের রূপরেখা। মণ্ডলের অধীন প্রতিটি গ্রাম পঞ্চায়েতের বুথে বুথে চলছে নিবিড় প্রচার। ঘরে ঘরে জনসংযোগ, উঠান বৈঠক, ছোট-বড় সভা এবং বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে এলাকাজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। মহিলা মোর্চার কর্মীরা শুধু প্রচারেই সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের সমস্যার কথাও শুনছেন এবং সমাধানের আশ্বাস দিচ্ছেন, ফলে ভোটারদের সঙ্গে গড়ে উঠছে নিবিড় সম্পর্ক।

এই প্রচার অভিযানে অংশ নিয়ে কর্মীদের উৎসাহ বাড়াচ্ছেন একাধিক অভিজ্ঞ নেতা-নেত্রী। তাঁদের মধ্যে রয়েছেন দিল্লি পুর নিগমের প্রাক্তন মেয়র মুকেশ সুরুয়া, প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, জেলা বিজেপির সহ-সভাপতি অমল নাথ ও অশোক দত্ত এবং জেলা মহিলা মোর্চার সভানেত্রী জ্যোতিকা দে। তাঁদের উপস্থিতি ও দিকনির্দেশনায় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

স্থানীয় স্তরে এই প্রচারকে সুসংগঠিতভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন উত্তর শ্রীভূমি মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রী প্রিয়াঙ্কা দাস চৌধুরী। তাঁর নেতৃত্বে মণ্ডলের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মণ্ডল প্রভারী রুবি দাস, মণ্ডল বিজেপির সভানেত্রী সুভদ্রা দাস, সাধারণ সম্পাদক পান্না মালাকার ও সাথী রায়।

এছাড়াও মাঠে সক্রিয় রয়েছেন শিপ্রা গুন, সাথী কুরি, তপর্না গোস্বামী, পিংকি দাস, রঞ্জিতা রুদ্রপাল, প্রিয়ংবদ রায়সহ বহু কর্মী, যারা দিনরাত পরিশ্রম করে প্রচারকে সফল করে তুলছেন। দলীয় সূত্রে দাবি, তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় উত্তর করিমগঞ্জের বিভিন্ন এলাকায় বিজেপির পক্ষে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *