সাধারণতন্ত্র দিবসে পাথারকান্দি সমজেলা প্যারেডে তৃতীয় স্থান হলি চিলড্রেন স্কুলের

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : পাথারকান্দিতে সাধারণতন্ত্র দিবসের গৌরবময় অনুষ্ঠানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল পাথারকান্দি হলি চিলড্রেন সিনিয়র সেকেন্ডারি স্কুল। ২৬ জানুয়ারি ৭৭তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে পাথারকান্দি মুণ্ডমালা খেলার মাঠে আয়োজিত সমজেলা স্তরের বর্ণাঢ্য প্যারেড প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে নেয় এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটি। সরকারি উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সমজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কলেজের এনসিসি ক্যাডেটরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শৃঙ্খলা, কুচকাওয়াজের নিখুঁত ছন্দ, একতা ও দেশপ্রেমের বার্তা তুলে ধরে হলি চিলড্রেন স্কুলের এনসিসি ইউনিট বিচারকদের নজর কাড়তে সক্ষম হয়। এর ফলস্বরূপ, ত্রিবিদ রায়, সম্মানীয় সমজেলা আয়ুক্তের হাত থেকে তৃতীয় স্থানের পুরস্কার গ্রহণ করে স্কুল কর্তৃপক্ষ ও ক্যাডেটরা। এই সাফল্যকে চলতি শিক্ষাবর্ষে স্কুলের এনসিসি ইউনিটের একটি বড় অর্জন বলে অভিহিত করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁদের মতে, নিয়মিত প্রশিক্ষণ, কঠোর অনুশীলন এবং শৃঙ্খলাবদ্ধ পরিবেশই এই সাফল্যের মূল চাবিকাঠি।

উল্লেখযোগ্য বিষয় হল, পাথারকান্দি মুণ্ডমালা খেলার মাঠে প্রতিবছর স্বাধীনতা দিবস ও সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সরকারি অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিতভাবেই প্যারেডে অংশগ্রহণ করে আসছে এই স্কুল।গত কয়েক বছর ধরে স্কুলের সম্পূর্ণ এনসিসি ইউনিটের সিটিও (CTO) হিসেবে দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করে আসছেন এনসিসির বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নীলকান্ত সিনহা। তাঁর নেতৃত্ব, দিকনির্দেশনা ও কঠোর অনুশীলনের ফলেই ক্যাডেটদের মধ্যে আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনা আরও দৃঢ় হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।এবারের প্যারেডে স্কুলের পক্ষে ক্যাডেট হিসেবে অংশগ্রহণ করে নবম শ্রেণির ছাত্র সাগ্নিক চক্রবর্তী, যিনি তাঁর নিখুঁত কুচকাওয়াজ ও শৃঙ্খলাপূর্ণ অংশগ্রহণের মাধ্যমে স্কুলের গৌরব বৃদ্ধি করেন। এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে। ভবিষ্যতেও জাতীয় দিবসগুলিতে এভাবেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশপ্রেম ও শৃঙ্খলার আদর্শে ছাত্রছাত্রীদের গড়ে তুলবে এমনই প্রত্যাশা সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *