জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : হাইলাকান্দির পেট্রোল পাম্প গুলিতে মিটার অনুযায়ী সঠিকভাবে পেট্রোল ডিজেল দেওয়া হচ্ছে কিনা তা, তা নিরূপণ করতে ওজন ও পরিমাপ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির এক বৈঠকে পৌরোহিত্য করে ডিডিসি নরসিং বে এই নির্দেশ দেন। সভায় ডিজিটাল পাল্লা এবং দাঁড়িপাল্লারও সঠিক মাপ নিরূপণে অভিযানের নির্দেশ দেয়া হয়। সভায় জানানো হয় কাটলিছড়ার রাঙ্গাবাকে নির্মীয়মান পলিটেকনিক ভবনের কাজ আগামী মাসের শেষে সম্পন্ন হবে। মোহনপুরের রণটিলায় ৩.১৩ কোটি টাকায় নির্মীয়মান ওয়ার মেমোরিয়াল সৌদের নির্মাণ কাজ অক্টোবর মাসের শেষ হবে।
সভায় সেরিকালচার বিভাগকে গ্রাম উন্নয়ন বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগে রেশমগুটি চাষে প্রকল্প হাতে নিতে বলা হয়। জেলায় স্কিল ট্রেনিংয়ের জন্য নির্মীয়মান আটটি জগন্নাথ কমিউনিটি হলের মধ্যে দুইটির কাজ সম্পূর্ণ হলেও বাকি ছয়টির কাজ দ্রুত এগিয়ে চলছে বলে সভায় জানানো হয়। জেলার সব বিভাগের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে বিভিন্ন বিভাগের রূপায়ন করা প্রকল্প গুলির সমস্যা ও অগ্রগতি সভায় খতিয়ে দেখা হয়।



