২ ফেব্রুয়ারি : আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ঘিরে আন্তর্জাতিক ক্রিকেটে এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাকিস্তান সরকার রবিবার ঘোষণা করেছে যে তারা বিশ্বকাপে অংশ নেবে, কিন্তু গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না। এই সিদ্ধান্ত এমন এক সময়ে নেওয়া হল, যখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়েছে, কারণ বাংলাদেশ ভারতে ম্যাচ খেলতে অস্বীকার করেছিল নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে।
আইসিসির ভোটাভুটিতে বাংলাদেশকে সমর্থন করেছিল কেবল পাকিস্তান ও বাংলাদেশই। বাকি ১৪টি সদস্য দেশ মনে করে, নিরাপত্তার যুক্তি দেখিয়ে ভেন্যু বদলের মতো পরিস্থিতি তৈরি হয়নি। এর আগেই আইসিসি, বিসিসিআই ও পিসিবির মধ্যে সমঝোতা হয়েছিল যে ভারত–পাকিস্তান ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। তবুও পাকিস্তান সরকার কেন হঠাৎ করে ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিল, সে বিষয়ে কোনও নির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।



