অনিন্দিতা পাল, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৩ ফেব্রুয়ারি : দামছড়ায় আজ উচ্ছেদের দ্বিতীয় দিন। গত সন্ধ্যা থেকেই দামছড়া গ্রামের ১, ২, ৩ ও ৪—এই চারটি সেক্টরে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। প্রথমে বন বিভাগ তামুল গাছ কেটে ধ্বংস করেছে এবং পাশাপাশি ঘরবাড়ি ভাঙাও শুরু করেছে। এই দামছড়া উচ্ছেদ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কাটলিছড়া বিধায়ক সুজাম উদ্দিন লস্কর।
বিধায়ক সুজাম উদ্দিন লস্কর বলেন, দামছড়ায় যে উচ্ছেদ চলছে, তা অমানবিক। ধর্মের ভিত্তিতে কখনই উচ্ছেদ হওয়া উচিত নয়। কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সবাইকে ‘বাংলাদেশি’ বলে কেবলমাত্র একটি ধর্মের মানুষকে উচ্ছেদ করছেন এবং ভোটার তালিকা থেকেও নাম কাটছেন। এটি মুখ্যমন্ত্রীর ঠিক কাজ নয়। আমরা আর সরকারকে দাবি জানাব না; আমরা আল্লাহর কাছে বিচার সোপর্দ করেছি। আল্লাহ মুখ্যমন্ত্রীকে ক্ষমা করবেন না—আল্লাহই বিচার করবেন।
তিনি আরও বলেন, দামছড়ায় যেসব জায়গায় উচ্ছেদ করা হয়েছে, সেখানে আদিবাসী লোকজনও বসবাস করেন। কিন্তু কেবল সংখ্যালঘু সম্প্রদায়ের ৫২২টি পরিবারকে নোটিশ দিয়ে উচ্ছেদ চালানো হয়েছে। ট্রাইবালরা রিজার্ভ ফরেস্টে থাকতে পারে না, কারণ তারা সাধারণ জাতির মানুষ—রিয়াংরা থাকতে পারে। কিন্তু অসম সরকার কেবল সংখ্যালঘুদের টার্গেট করে ভূমিহীন মানুষের ওপর উচ্ছেদ চালাচ্ছে।
সংবিধানে লেখা আছে, ভূমিহীন মানুষকে জমি প্রদান করে তারপর উচ্ছেদ করা উচিত। কিন্তু অসম সরকার কোনও অবৈধ ভূমিহীন মানুষকে জমি না দিয়েই অসাংবিধানিকভাবে উচ্ছেদ চালাচ্ছে। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে বিধায়ক সুজাম উদ্দিন লস্কর বলেন, মুখ্যমন্ত্রীর যদি ক্ষমতা থাকে, তাহলে মালিগাঁওয়ে হাজার হাজার বিঘা রেলের জমি দখল করে থাকা লোকদের উচ্ছেদ করে দেখান।



