জিসি বিশ্ববিদ্যালয়ে রিল মেকিং প্রতিযোগিতা, প্রথম কাছাড় কলেজের অমৃতম

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ জানুয়ারি : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের উদ্যোগে মঙ্গলবার রিল মেকিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, নিবন্ধক ড. বিদ্যুৎকান্তি পাল, শৈক্ষিক নিবন্ধক ড. অভিজিৎ নাথ, ডিন অব স্টুডেন্টস ওয়েলফেয়ার ড. জয়দীপ পাল, আইকিউএসি-র ডাইরেক্টর ড. কৃষ্ণচন্দ্র দাস, গণ জ্ঞাপন বিভাগের বিভাগীয় প্রধান ড. সন্দীপা দাস শীল। উল্লেখ্য প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় গত অক্টোবর মাসে। যার বিষয় ছিল “দুর্গাপূজা: মোমেন্টস অব মা দুর্গা”।

বিভাগীয় প্রধান ড. সন্দীপা দাস শীল জানান, এই প্রতিযোগিতাতে দেশের পাঁচটি রাজ্যের বিভিন্ন মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় মোট ৭১টি রিল জমা পড়ে। প্রতিযোগিদের দ্বারা তৈরি করা প্রতিটি রিলে একদিকে যেমন ছিল সৃজনশীলতা ও দক্ষতার পরিচয় পাওয়া গেছে অন্যদিকে ছিল দুর্গাপূজার মতো সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠানের প্রতি বিশ্বাস আন্তরিকতা ও শ্রদ্ধা। তাই প্রতিটি রিলে ফুটে উঠেছে ধর্মীয় আচার, সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধন।

প্রতিযোগিতায় বিচারকদের রায় অনুযায়ী প্রথম স্থান অধিকার করেন কাছাড় কলেজের ছাত্র অমৃতম নাথ, দ্বিতীয় স্থান লাভ করেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মৃদুস্মিতা রাজবংশী, তৃতীয় স্থানে যৌথভাবে লাভ করেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের দেবোপম রায় এবং তেজপুর বিশ্ববিদ্যালয়ের সুপ্রতিম দেব। এছাড়াও আসাম বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদীপ সেনকে বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয়।

রিল মেকিং প্রতিযোগিতার কোঅর্ডিনেটর ড. জ্যোতিষ দত্ত অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই ধরনের প্রতিযোগিতা পড়ুয়াদের মধ্যে দক্ষতা গড়ে তুলতে এবং সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *