বরাক তরঙ্গ, ২৭ মার্চ : শুধু ঝড়-বৃষ্টি নয়, অসমে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্তও। একটি উচ্চ বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত উত্তর-পূর্ব অসম ও তার পার্শ্ববর্তী এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিমি থেকে ৩.১ কিমি উচ্চতায় অবস্থান করছে। শুক্রবার ও শনিবারের জন্য গুয়াহাটির আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র সতর্কতা জারি করেছে।
শুক্রবার চিরাং, বাকসা, বরপেটা ও বঙাইগাঁও জেলার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি বেগে প্রবল ঝড়ো হাওয়া বইতে পারে। এছাড়া ধুবড়ি, দক্ষিণ সালমারা, গোয়ালপাড়া, কোকরাঝাড়, বজালী, তামুলপুর ও নলবাড়ি জেলার বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার কোকরাঝাড় ও বঙাইগাঁও জেলার একাধিক স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত (২৪ ঘণ্টায় ৭ থেকে ১১ সেমি) এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে হাওয়া বইতে পারে।
এদিকে, শুধু অসমেই নয়, আশপাশের এলাকাতেও একাধিক ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। একটি উচ্চ বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত উত্তর-পূর্ব বাংলাদেশ ও তার সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিমি উচ্চতায় অবস্থান করছে। আরও একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর ওড়িশার উপর প্রায় ১.৫ কিমি উচ্চতায় অবস্থান করছে।
পাশাপাশি, একটি উপক্রান্তীয় পশ্চিমী প্রবল বায়ুপ্রবাহ (জেট স্ট্রিম) ঘণ্টায় প্রায় ১৮৯ কিমি বেগে সমুদ্রপৃষ্ঠ থেকে ১২.৬ কিমি উচ্চতায় উত্তর-পূর্ব ভারতের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই বায়ুমণ্ডলীয় পরিস্থিতির কারণে ২৭ ও ২৮ মার্চ অধিকাংশ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি কিছু স্থানে প্রবল ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিও হতে পারে।



