নেপালে প্রাক্তন প্রধানমন্ত্রী অলি ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেফতার

Spread the news

২৮ মার্চ : নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ শপথ গ্রহণের পরদিনই গ্রেফতার করা হল প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে। শনিবার ভোরে রাজধানী কাঠমান্ডুর ভক্তপুর এলাকার নিজ নিজ বাসভবন থেকে তাদের গ্রেফতার করে কাঠমান্ডু ভ্যালি পুলিশের একটি দল।

কাঠমান্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র ওম অধিকারী সাংবাদিকদের জানান, নেপালের বিশেষ আদালতের সাবেক বিচারক গৌরী বাহাদুর কার্কির নেতৃত্বাধীন কমিশনের সুপারিশের ভিত্তিতে সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনেই এই গ্রেপ্তারি অভিযান চালানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে কে পি শর্মা অলির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে নেপালে ব্যাপক জেন-জি বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী অলি। ওই সময় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন রমেশ লেখক।
সেপ্টেম্বরের ওই বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। বিশেষ করে ৮ ও ৯ সেপ্টেম্বর সংঘর্ষ চরম আকার ধারণ করে। দুই দিনের সহিংসতায় অন্তত ৭০ জন নিহত হন, যাদের মধ্যে ১৯ জন ছিলেন আন্দোলনকারী।

এদিকে, অলি ও লেখকের গ্রেফতারের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বালেন্দ্র শাহের নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরং বলেন, “এটি কোনও প্রতিশোধ নয়, বরং প্রতিশ্রুতির বাস্তবায়ন। আমরা ন্যায়বিচারের প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং তার বাস্তবায়ন শুরু হয়েছে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *