কংগ্রেস ছাড়লেন প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হোসেন, একই পথে ইজাজও

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ মার্চ : দীর্ঘ ৩৫ বছরের সম্পর্কের ইতি টেনে কংগ্রেস দল ছাড়লেন শিলচর জেলা কংগ্রেসের সহ-সভাপতি তথা সোনাই ব্লক কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি আক্তার হোসেন বড়ভুইয়া (আক্কা)। সোমবার তিনি জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যের কাছে দলের প্রাথমিক সদস্যপদসহ সমস্ত দায়িত্ব থেকে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে আক্তার হোসেন উল্লেখ করেন, তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কংগ্রেসকে শক্তিশালী করতে তিনি নিজের সময়, শ্রম ও সম্পদ উৎসর্গ করেছেন। তবে একজন তৃণমূল স্তরের কর্মী হিসেবে দলীয় নেতৃত্বের কাছে তাঁর কিছু প্রত্যাশা ছিল। গত তিনটি নির্বাচনী মেয়াদ ধরে তিনি সোনাই বিধানসভা আসনে দলীয় টিকিটের জন্য আবেদন করে আসছিলেন এবং চলতি বছরও নিয়ম মেনে আবেদন করেন।

তিনি অভিযোগ করেন, এবারে দল বিজেপি থেকে নবাগত আমিনুল হক লস্করকে প্রার্থী করেছে। তাঁর দাবি, বিধায়ক থাকাকালীন আমিনুল কংগ্রেস কর্মীদের হয়রানি করেছেন এবং দলীয় নেতৃত্ব সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছেন। তবুও দলের কিছু নেতা আর্থিক লেনদেনের বিনিময়ে তাঁকে টিকিট দিয়েছেন বলে অভিযোগ করেন আক্তার হোসেন। এই পরিস্থিতিতে দলে থেকে কাজ করা তাঁর পক্ষে ‘শ্বাসরুদ্ধকর’ হয়ে উঠেছিল বলেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

যদিও তিনি দল ছাড়লেও ভবিষ্যতে অন্য কোনও দলে যোগ দেবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। রাজনৈতিক মহলের মতে, তাঁর দলত্যাগে কংগ্রেসের বড়সড় ক্ষতির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, সোনাইয়ের প্রভাবশালী যুব কংগ্রেস নেতা এবং প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ইজাজ হোসেন লস্করও বিপুল সংখ্যক সমর্থককে নিয়ে দলের প্রাথমিক সদস্যপদ ও সব পদ থেকে ইস্তফা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *