৩১ জানুয়ারি : ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের পাঁচ যাত্রী প্রাণ হারালেন। ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয় বাংলাদেশের নওগাঁর মহাদেবপুর উপজেলায়। শনিবার ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় মর্মান্তিক এই সড়কে নিয়ন্ত্রণ হারানো একটি ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের পাঁচ যাত্রী নিহত হয়েছেন।।ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমরুল কায়েস।
নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন— উপজেলার নূরপুর এলাকার বিপুল পাহান (২৫) ও সঞ্জু রাও (৪৫)। বাকি তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম জানান, ডাম্প ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে পাঠকাঠি এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৪টার দিকে দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে আনা হয়। ভোর ৫টার দিকে আনা তিনজনের অবস্থাও ছিল আশঙ্কাজনক। চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান।
স্থানীয়রা জানান, ভোরের দিকে সড়কে যান চলাচল তুলনামূলক কম থাকলেও ভারী যানবাহনের গতি বেশি থাকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে।



