মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৯ ফেব্রুয়ারি : রবিবার গভীর রাতে শ্রীভূমি শহর ও শহরতলীর দুই পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরপর দুই আগুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
প্রথম ঘটনাটি ঘটে স্টেশন রোডে। জেএম বণিক জুয়েলার্সের পাশের একটি দোকানে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে অনুমান করা হচ্ছে, যদিও সঠিক কারণ এখনও জানা যায়নি।
দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শিলচর রোড সংলগ্ন সরিষা এলাকায় একটি গাড়ির সার্ভিস সেন্টারে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও দমকল কর্মীদের তৎপরতায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়। অল্পের জন্য রক্ষা পায় সার্ভিস সেন্টারে থাকা একটি বাস। দুই ক্ষেত্রেই হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দমকল বিভাগ আগুন লাগার কারণ খতিয়ে দেখছে।



